ইরানের আরও একটি জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
ইরানের আরও একটি জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির দাবি, ইরানের একটি বন্দরে যাওয়ার পথে জাহাজটিকে আটক করা হয়। শনিবার (২৫ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ‘ইউএসএস রাফায়েল পেরাল্টা’ (ডিডিজি-১১৫) জাহাজটি আটক করে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, শুক্রবার (২৪ এপ্রিল) ইরানি পতাকাবাহী জাহাজটি থামানো হয়, যখন সেটি ইরানের একটি বন্দরের দিকে যাচ্ছিল। এদিকে জব্দ করা জাহাজে থাকা মালামালের বিষয়ে ইরান ভিন্ন তথ্য দিয়েছে। তাদের দাবি, জাহাজটিতে গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জাম, বিশেষ করে ডায়ালাইসিসের উপকরণ ছিল। জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশন এক বিবৃতিতে এই ঘটনাকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে। তাদের ভাষ্য, গত ১৯ এপ্রিল অবরোধ চলাকালে ‘তুসকা’ নামের একটি ইরানি বাণিজ্যিক জাহাজ দখল করে যুক্তরাষ্ট্র। এক্সে দেওয়া বিবৃতিতে ইরান জানায়, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং এতে নৌ চলাচলের স্বাধীনতা ব্যাহত হচ্ছে। পাশাপাশি এটি রোগীদের জীবনকে ঝুঁকির মুখে ফেলছে বলেও উল্লেখ করা হয়। অন্যদিকে, অবরোধ ভেঙে চলাচলের অভিযোগও প্রত্যাখ্যান করেছে তেহরান। তাদের মতে, যুক্তরাষ্ট্রের দাবি বাস্তবভিত্তিহীন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আটক করা জাহাজটি ‘চীনের উপহার’ বহন করছিল এবং তাতে এমন কিছু সামগ্রী ছিল, যা ‘ভালো নয়’। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়, অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করায় জাহাজটিতে গুলি চালিয়ে সেটি দখলে নেওয়া হয়।