নাইক্ষ্যংছড়িতে সোয়া কোটি টাকার খাল খনন কর্মসূচির উদ্বোধন এমপি জেরীর
দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
নাইক্ষ্যংছড়ি উপজেলায় জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের লক্ষ্যে সোয়া কোটি টাকা ব্যয়ে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (৪ মে) সকাল ১১টায় উপজেলা সদরের সরকারি কলেজ গেইট সংলগ্ন নাইক্ষ্যংছড়ি খালে এ কর্মসূচির উদ্বোধন করেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র বাবু সাচিং প্রু জেরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম চৌধুরী জানান, সংসদ সদস্য সকাল সাড়ে ১০টার দিকে নাইক্ষ্যংছড়িতে পৌঁছান এবং পরে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন। প্রথম পর্যায়ে ১ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে একটি খাল পুনঃখনন কাজ শুরু হয়েছে। এছাড়া জারুলিয়াছড়ি খাল পুনঃখননের জন্যও অনুমোদন প্রক্রিয়া চলমান রয়েছে। অনুমোদন পেলে একই ধরনের আরেকটি প্রকল্প বাস্তবায়ন করা হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন জানান, ২০২৫-২৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তত্ত্বাবধানে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রায় আড়াই কিলোমিটার খাল খননে ব্যয় হবে ১ কোটি ১১ লাখ টাকা। প্রকল্পে ২৬৯ জন শ্রমিক কাজ করছেন। এ কর্মসূচির আওতায় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের বড়ুয়াপাড়া, বিছামারা, বাগানঘোনা, মন্ডইল্লাঘোনা, চাক হেডম্যান পাড়া ও মধ্যম চাকপাড়াসহ বিভিন্ন এলাকার খাল পুনঃখনন করা হবে। স্থানীয় বাসিন্দারা জানান, খাল পুনঃখননের ফলে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন সম্ভব হবে এবং জলাবদ্ধতা কমবে। পাশাপাশি শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ হওয়ায় কৃষকরা সহজে সেচ সুবিধা পাবেন। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা প্রকাশ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক, জেলা বিএনপির সদস্য নুরুল আলম কোম্পানী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তোফাইল আহমদ, সাবেক ভাইস চেয়ারম্যান মো. কামাল উদ্দিন, বিএনপি নেতা সাইফুদ্দিন বাহাদুর, নুরুল কাসেম, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান চৌধুরী, শ্রমিক দলের আহ্বায়ক ইয়াহিয়া খান মামুন, যুবদল নেতা আমিরুল কবির রাকিবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। এদিকে উদ্বোধন শেষে বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য রাজপুত্র বাবু সাচিং প্রু জেরী।
দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি