নাইক্ষ্যংছড়িতে নবাগত ইউএনও এনামুল হাসানকে বিএনপি ও অঙ্গ সংগঠনের ফুলেল শুভেচ্ছা
দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসানকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিয়েছেন উপজেলা বিএনপি ও বাইশারী ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মঙ্গলবার (১২ মে) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এসময় নেতৃবৃন্দ নবাগত ইউএনও-র সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং উপজেলার শান্তি-শৃঙ্খলা ও উন্নয়নে প্রশাসনের সাথে একাত্ম হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। নেতৃবৃন্দের সাক্ষাৎকালে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল আলীম বাহাদুর নবাগত ইউএনও-র সফলতা কামনা করে বলেন, আমরা আশা করি, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা তার মেধা ও দক্ষতা দিয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলার সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন। বিশেষ করে দুর্গম এলাকার উন্নয়ন এবং সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি আপসহীন ভূমিকা পালন করবেন। উপজেলার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জনকল্যাণমূলক যেকোনো কাজে উপজেলা বিএনপি অতীতের ন্যায় প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করবেন।
উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে নবাগত ইউএনও এনামুল হাসান বলেন, নাইক্ষ্যংছড়ি একটি বৈচিত্র্যময় ও সম্ভাবনাময় উপজেলা। এখানকার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনকল্যাণে আমি কাজ করতে বদ্ধপরিকর। সরকারি সেবা গ্রহণে সাধারণ মানুষ যাতে কোনো হয়রানির শিকার না হয়, সেদিকে আমার বিশেষ নজর থাকবে। উপজেলার সার্বিক উন্নয়নে রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকল মহলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। উপস্থিত নেতৃবৃন্দ, শুভেচ্ছা বিনিময়কালে উপজেলা বিএনপি, বাইশারী ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা ফুল দিয়ে নবাগত ইউএনও-কে বরণ করে নেন এবং তার কর্মমেয়াদের সাফল্য কামনা করেন। সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে ইউএনও-র সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করেন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রশাসনের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি