দিনাজপুরে অনলাইন ক্যাসিনো ও পর্নোগ্রাফি চক্রের ৩ মূলহোতা গ্রেফতার!

দিনাজপুরে অনলাইন ক্যাসিনো ও পর্নোগ্রাফি চক্রের ৩ মূলহোতা গ্রেফতার!
ছবিঃ মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

​দিনাজপুরে অনলাইন ক্যাসিনো জুয়া পরিচালনা এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে পর্নোগ্রাফি সংরক্ষণ, সরবরাহ ও বিজ্ঞাপন প্রচারের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়া ও পর্নোগ্রাফির কাজে ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ​অভিযানের বিবরণে জানা গেছে, জেলা ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে এই ঝটিকা অভিযান পরিচালিত হয়। বীরগঞ্জ থানার একটি মামলার তদন্তের সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করা হয়।
​কাহারোল থেকে গ্রেফতার ২: ডিবির একটি চৌকস দল কাহারোল উপজেলার বলেয়া এলাকায় অভিযান চালিয়ে গীতারাম রায় (৩২) ও রনি হোসেন (৩৪) নামে দুইজনকে হাতেনাতে আটক করে। এ সময় তাদের হেফাজত থেকে অনলাইন জুয়া ও পর্নোগ্রাফি প্রচারের কাজে ব্যবহৃত ৩টি আধুনিক মোবাইল ফোন ও ১টি ল্যাপটপ জব্দ করা হয়। ​বলেয়া হাটে পৃথক অভিযান: একই রাতে ডিবি পুলিশের অপর একটি দল রসূলপুর ইউনিয়নের বলেয়া হাট এলাকায় পৃথক অভিযান চালায়।

সেখান থেকে মোঃ জাহাঙ্গীর আলম (৩৫) নামে আরও এক জুয়াড়িকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন ক্যাসিনো জুয়া পরিচালনা ও অবৈধ ই-ট্রানজেকশনের (হুন্ডি ও অর্থ পাচার) সাথে জড়িত ছিলেন। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযানের সময় আরও ৪ থেকে ৫ জন অজ্ঞাত ব্যক্তি কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে কাহারোল থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের ইতোমধ্যে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান