পাবনায় ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজে এমপি শিমুল বিশ্বাসকে সংবর্ধনা, মোবাইল অ্যাপ উদ্বোধন
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:
পাবনায় আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। তিনি বলেছেন, জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে সমান সহযোগিতা নিশ্চিত করা গেলে পাবনা একদিন শিক্ষা ও জ্ঞানের শহরে পরিণত হবে। রোববার ১৭মে পাবনা শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত সংবর্ধনা ও মোবাইল অ্যাপ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি শিমুল বিশ্বাস বলেন, আমি কখনও কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য হস্তক্ষেপ করিনি। আমি চাই, প্রতিষ্ঠানগুলো নিজস্ব নিয়ম ও শৃঙ্খলার মাধ্যমে শিক্ষার্থীদের গড়ে তুলুক। তিনি আরও বলেন, “জেলা প্রশাসককে বলেছি, শহরের ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটির প্রতি সমান গুরুত্ব দিতে হবে। সব প্রতিষ্ঠানের উন্নয়ন নিশ্চিত করা গেলে অভিভাবকদ'র নির্দিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের পেছনে ছুটতে হবে না। তখন পাবনায় জ্ঞানের মশাল জ্বলবে, আলোর পথ তৈরি হবে।শিক্ষাবান্ধব সমাজ গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন, সাবেক এমপি মাওলানা আব্দুস সুবাহান এ এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছেন। সেই ধারা অব্যাহত রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৈষম্যহীন সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে। নিজের প্রতিষ্ঠিত আহেদ আলী বিশ্বাস এবি ট্রাস্টের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে তিনি জানান, বর্তমানে ট্রাস্টের আওতায় ডিগ্রি কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি প্রতিষ্ঠান, কৃষি কলেজ, প্রাথমিক বিদ্যালয়, এতিমখানা ও মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় সাড়ে চার হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে।ভবিষ্যতে ১০হাজার সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষার সুযোগ তৈরির পরিকল্পনার কথাও জানান তিনি। অনুষ্ঠানে ইমাম গাযযালী ট্রাস্টের কার্যক্রমের প্রশংসা করে এমপি শিমুল বিশ্বাস বলেন, প্রতিষ্ঠানটির অনেক সম্ভাবনা রয়েছে। পরিকল্পিত অবকাঠামো উন্নয়নে উদ্যোগ নিলে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। অনুষ্ঠান শেষে ল্যাপটপের বাটন চেপে প্রতিষ্ঠানের মোবাইল অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। কলেজের অধ্যক্ষ সুরাইয়া সুলতানা জানান, নতুন অ্যাপের মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে দ্রুত যোগাযোগ নিশ্চিত হবে। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীদের উপস্থিতি, অনলাইন ফি প্রদান, নোটিশ, অ্যাসাইনমেন্ট ও পরীক্ষার ফলাফলসহ বিভিন্ন তথ্য ঘরে বসেই জানা যাবে। এর ফলে শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রযুক্তি নির্ভর স্মার্ট শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমাম গাযযালী ট্রাস্ট ও কলেজের সভাপতি আলহাজ আবুল কাশেম। শুরুতে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম, সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ সুরাইয়া সুলতানা। এসময় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সম্পাদক জহুরুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু, আবু ওবায়দা শেখ তুহিন, নুর মোহাম্মদ মাসুম বগা, সাবেক ক্রীড়া সম্পাদক এনামুল হক এনাম, আহেদ আলী কলেজের অধ্যক্ষ মো. মুন, ইমাম গাযযালী ট্রাস্টের সদস্য নুরুল ইসলাম, এডি সফট ঢাকার ইঞ্জিনিয়ার শরীফ বদ্রুজ্জামান, বিজনেস ডেভেলপমেন্ট পরিচালক তাওহিদ আজিম, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও বিভিন্ন গণমাধ্যমকর্মী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কুল এন্ড কলেজের শিক্ষক মো. আব্দুল মান্নান ভূইয়া।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান