রাজশাহী দেওপাড়া ইউনিয়নে ভিজিএফ চালের কার্ডে অনিয়মের অভিযোগ
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
২৮০০ কার্ড নিয়ন্ত্রণে প্রভাবশালী চক্র, বঞ্চিত প্রকৃত দরিদ্ররা, রাজশাহীর গোদাগাড়ী উপজেলা উপজেলার দেওপাড়া ইউনিয়ন পরিষদ এলাকায় পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিতরণের জন্য বরাদ্দকৃত ১০ কেজি ভিজিএফ চালের প্রায় ২৮০০টি কার্ড নিয়ে ব্যাপক অনিয়ম, স্বজনপ্রীতি ও দুর্নীতির গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দরিদ্র ও অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত এসব কার্ড একটি প্রভাবশালী চক্র নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে বণ্টনে অনিয়ম করছে। অভিযোগ সূত্রে জানা গেছে, দেওপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহনাজ বেগম, বেদার উদ্দিন (বিদ্যুৎ), ইউনিয়ন পরিষদের সেক্রেটারি সাদেক মেম্বার ও মাসুদ রানা মিলে ভিজিএফ চালের কার্ড বণ্টনে প্রভাব বিস্তার করছেন। তাদের বিরুদ্ধে পছন্দের লোকজন, আত্মীয়স্বজন ও রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ ব্যক্তিদের মধ্যে কার্ড বিতরণের অভিযোগ উঠেছে। অন্যদিকে প্রকৃত হতদরিদ্র, দিনমজুর, বিধবা ও অসহায় পরিবারগুলোর অনেকেই কার্ড থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগ, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির মূল উদ্দেশ্যই হচ্ছে নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো। অথচ দেওপাড়া ইউনিয়নে সেই কর্মসূচিকে কেন্দ্র করে চলছে অনিয়মের মহোৎসব। অভিযোগ রয়েছে, অনেক পরিবার একাধিক কার্ড পেলেও প্রকৃত অভাবগ্রস্ত অসংখ্য পরিবার এখনো কোনো কার্ড পায়নি। ফলে ঈদকে সামনে রেখে চরম দুর্ভোগে পড়েছেন দরিদ্র জনগোষ্ঠী। এলাকাবাসী আরও জানান, ইউনিয়ন পরিষদে কার্ডের বিষয়ে জানতে গেলে অনেককে ঘুরানো হচ্ছে এবং সঠিক তথ্য দেওয়া হচ্ছে না। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে। স্থানীয় সচেতন মহলের ভাষ্য, সরকারি সহায়তা বিতরণে যদি এ ধরনের দুর্নীতি ও পক্ষপাতিত্ব চলতে থাকে, তাহলে সরকারের মানবিক উদ্যোগ প্রশ্নবিদ্ধ হবে এবং সাধারণ মানুষের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ঘটনাটি নিয়ে এলাকায় তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা। এদিকে ভুক্তভোগীরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেন, “গরিব মানুষের হক নিয়ে যেন কেউ ছিনিমিনি খেলতে না পারে, সে বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে।”
দৈনিক বিজয় নিউজ / মোঃ রাজিব খাঁন