কচ্ছপিয়ায় ডিবি পুলিশের অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ নারী ও রোহিঙ্গা আটক

কচ্ছপিয়ায় ডিবি পুলিশের অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ নারী ও রোহিঙ্গা আটক
ছবিঃ এম হাবিবুর রহমান রনি

দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

নাইক্ষ্যংছড়ির পার্শ্ববর্তী রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ এক নারী ও এক রোহিঙ্গাকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় আরও ৩ থেকে ৪ জন মাদক কারবারি পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার (২০ মে) রাতে পরিচালিত এ অভিযানে রামু থানা পুলিশও সহযোগিতা করে। আটকরা হলেন— কচ্ছপিয়া ইউনিয়নের হাজীরপাড়া এলাকার বাসিন্দা ও স্থানীয় বিএনপি নেতা নজরুল ইসলামের স্ত্রী ছালেহা বেগম (৪৫) এবং উখিয়ার থাইংখালী এলাকার রোহিঙ্গা ক্যাম্প-১৩ এর বাসিন্দা মো. হাসিম ওরফে ওসমান (৩৫)। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল কচ্ছপিয়ার হাজীরপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দেয়। পরে ঘটনাস্থল থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং দুইজনকে আটক করা হয়। তবে অন্ধকারের সুযোগ নিয়ে আরও কয়েকজন পালিয়ে যায়।

আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্রের দাবি, আটক ব্যক্তিরা সীমান্তভিত্তিক চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত। দীর্ঘদিন ধরে মিয়ানমার সীমান্তকে কেন্দ্র করে গড়ে ওঠা ইয়াবা পাচার নেটওয়ার্কে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি, রাজনৈতিক পরিচয়ধারী সুবিধাভোগী এবং সীমান্ত চোরাকারবারিদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, হাজীরপাড়াসহ কচ্ছপিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবা কারবারিদের তৎপরতা থাকলেও অনেকেই ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। ফলে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও নানা প্রশ্ন তৈরি হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক স্থানীয় ব্যক্তি বলেন, সীমান্তঘেঁষা এলাকায় শক্তিশালী সিন্ডিকেট সক্রিয় থাকায় সাধারণ মানুষ ভয়ে মুখ খুলতে চান না। মাঝে মধ্যে অভিযান হলেও মূল হোতারা অধিকাংশ সময় আড়ালেই থেকে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে মো. মনিরুল ইসলাম ভূঁইয়া, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), রামু থানা বলেন, আটক নারী ও পুরুষের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। একই সঙ্গে পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, কক্সবাজার সীমান্তকে ব্যবহার করে একটি চক্র মাদক পাচারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী এসব চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি