নাইক্ষ্যংছড়িতে পুলিশের বিশেষ অভিযান: ঝোপঝাড় থেকে ২টি দেশীয় বন্দুক উদ্ধার!
দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নে পুলিশের বিশেষ অভিযানে দুইটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বুধবার (২০ মে) রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত উপজেলার বামহাতিছড়ার বড়ইতলী কালাচান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং এলাকায় আধিপত্য বিস্তার ও সংঘর্ষ প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ। এরই অংশ হিসেবে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকারের দিকনির্দেশনায় নাইক্ষ্যংছড়ি থানার এসআই ফেরদৌস রনির নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম গভীর রাতে বামহাতিছড়া বড়ইতলী কালাচান এলাকায় অভিযান চালায়। এসময় পাহাড়ি ঝোপঝাড়ের ভেতরে তল্লাশি চালিয়ে লুকিয়ে রাখা দুইটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে—দেশীয় তৈরি একটি ছোট বন্দু দেশীয় তৈরি একটি বড় গাদা বন্দুক অস্ত্র উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে। সন্ত্রাস, মাদক ও অস্ত্রের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। এদিকে পুলিশের এমন অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি