নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে পুকুরের পানিতে পড়ে আফিয়া জান্নাত নামে দেড় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু!

নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে পুকুরের পানিতে পড়ে আফিয়া জান্নাত নামে দেড় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু!
ছবিঃ এম হাবিবুর রহমান রনি

দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বৃহস্পতিবার (২১ মে) দুপুর আনুমানিক আড়াইটার দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের করলিয়ামুরা তাইজ্জার ডেবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা মো. জাফর আলম ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পরিবারের সদস্যরা দৈনন্দিন কাজে ব্যস্ত থাকার ফাঁকে শিশুটি বাড়ির সামনে খেলছিল। একপর্যায়ে সবার অজান্তে পাশের পুকুরে পড়ে যায় সে। পরে শিশুটির চিৎকার ও খোঁজাখুঁজির একপর্যায়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে পুকুর থেকে উদ্ধার করেন। গুরুতর অবস্থায় দ্রুত ঈদগড় আল খিদমাহ প্রাইভেট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিশুর বাবা মো. আজিজুর রহমান বলেন, “আমার মেয়েটা সবার চোখের আড়ালে কখন যে পুকুরে পড়ে গেছে বুঝতে পারিনি। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার জানালেন, সে আর বেঁচে নেই।

স্থানীয় ইউপি সদস্য মো. আনোয়ার সাদেক বলেন, ঘटनাটি অত্যন্ত হৃদয়বিদারক। ছোট শিশুদের প্রতি পরিবারের সবাইকে আরও বেশি সতর্ক থাকতে হবে। সামান্য অসাবধানতায় এমন দুর্ঘটনা ঘটে যাচ্ছে। বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলম কোম্পানি বলেন, শিশুটির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। পরিবারটির প্রতি সমবেদনা জানাচ্ছি। বাড়ির আশপাশে পুকুর বা জলাশয় থাকলে শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের সচেতন হওয়া জরুরি।

দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি