রংপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ থানা পীরগাছা

রংপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ থানা পীরগাছা
ছবিঃ আতিকুর রহমান

দৈনিক বিজয় নিউজ পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে কৃতিত্বপূর্ণ ভূমিকা রাখায় এপ্রিল মাসের সামগ্রিক কর্ম মূল্যায়নে রংপুর জেলায় শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয়েছে পীরগাছা থানা। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় রংপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় পীরগাছা থানাকে শ্রেষ্ঠ থানা হিসেবে ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক। তিনি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল থানার অফিসার ইনচার্জ ও ইউনিট প্রধানদের আরও দায়িত্বশীল ও নিবিড়ভাবে কাজ করার নির্দেশনা দেন। পাশাপাশি এপ্রিল মাসে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে থানা, অফিসার ও ফোর্সকে পুরস্কৃত করা হয়।

শ্রেষ্ঠ থানা হিসেবে ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে সম্মাননা গ্রহণ করেন পীরগাছা থানার অফিসার ইনচার্জ এ.কে.এম খন্দকার মুহিব্বুল ইসলাম। এছাড়া পীরগাছা থানা থেকে পুরস্কৃত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন এসআই (নিঃ) কনক রঞ্জন বর্মন ও এএসআই (নিঃ) শাহিনুর ইসলাম। জেলার বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য তাদের পুরস্কৃত করা হয়। এদিকে ট্রাফিক বিভাগ থেকে সার্জেন্ট মো. আব্দুল জলিল এবং পীরগঞ্জ থানা থেকে এসআই (নিঃ) মো. ইমরান হোসেনও পুরস্কার লাভ করেন।

সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) সনজয় কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) আসিফা আফরোজ আদরী এবং সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) নাহিদ হাসানসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও কর্মকর্তারা। সভা শেষে পুলিশ সুপার এপ্রিল মাসে দায়িত্ব পালনে কৃতিত্ব দেখানো সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরও কার্যকর ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার আহ্বান জানান।

দৈনিক বিজয় নিউজ/ আতিকুর রহমান