বরমীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, এলাকায় উত্তেজনা
দৈনিক বিজয় নিউজ গাজিপুর প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে বিএনপির দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার ও শ্রমিক পরিবহন ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারণ এলাকায় আরবেলা ফ্যাশন লিমিটেড কারখানার সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন মাহাবুব (৪৮), আলাল (৪২), জুনায়েত (৪২), দেলোয়ার মোল্লা (৪০), শিপু (২৯), রুহুল আমীন মণ্ডল (৫০), বাবু (৩০), মাসুম (৩০), নাহিদ (৩৪) ও নিলয় (১৭)। গুরুতর আহত কয়েকজনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বরমী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. আক্তারুজ্জামান শামীম দলীয় নেতাকর্মীদের নিয়ে আরবেলা ফ্যাশন কারখানার বিপরীতে একটি মার্কেটের সামনে অবস্থান করছিলেন। এ সময় কৃষক দলের নেতা মো. মাসুম আহমেদ তার সমর্থকদের নিয়ে সেখানে উপস্থিত হন। পরে শ্রমিক পরিবহন ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।
বরমী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. আক্তারুজ্জামান শামীম অভিযোগ করে বলেন, দলীয় কর্মসূচি ও সাংগঠনিক বিষয় নিয়ে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা চলাকালে মাসুম ও তার লোকজন অতর্কিত হামলা চালায়। এতে তার পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে কৃষক দলের নেতা মো. মাসুম আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে তিনি আরবেলা ফ্যাশনের শ্রমিক পরিবহন বাস পরিচালনার সঙ্গে যুক্ত। শামীমের লোকজন তাদের গাড়ি চলাচলে বাধা ও হুমকি দিলে প্রতিবাদ করা হয়। এ সময় তাদের ওপর হামলা চালানো হয় এবং শ্রমিক পরিবহনের তিনটি গাড়ি ভাঙচুর করা হয় বলে দাবি করেন তিনি। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
খবর পেয়ে শিল্প পুলিশ ও শ্রীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহিনূর আলম বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। একটি পক্ষ লিখিত অভিযোগ দিয়েছে, অন্য পক্ষের অভিযোগ এখনো পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল আমিন