রোগী দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় টমটম চালকের মৃত্যু
দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুলাতলী-গর্জনিয়া বাজার সড়কের বড়ঘোনা টেক পয়েন্টে সিএনজি দুর্ঘটনায় নুরুল আমিন (৫৬) নামে এক টমটম চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল আমিন নাইক্ষ্যংছড়ি উপজেলার তুলাতলী গ্রামের মামা-ভাগিনা ঝিরি এলাকার কবির আহমদের ছেলে। তবে তিনি পার্শ্ববর্তী রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে বসবাস করতেন। পেশায় তিনি তুলাতলী-গর্জনিয়া সড়কের একজন টমটম চালক ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, নুরুল আমিন স্ত্রীকে সঙ্গে নিয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক আত্মীয়কে দেখতে যাচ্ছিলেন। সিএনজিতে ওঠার কিছুক্ষণ পরই চালকের আচরণে অন্য যাত্রীদের সন্দেহ হয়। একপর্যায়ে সিএনজিটি বড়ঘোনা টেক পয়েন্ট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনার সময় সামনের সিটে বসা নুরুল আমিনের বুকে সিএনজির স্টিয়ারিংয়ের আঘাত লাগে। এতে তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে তাকে দ্রুত নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে গর্জনিয়ার একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় কচ্ছপিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ছালেহ আহমদ জানান, নুরুল আমিন আমাদের ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। তিনি চার সন্তানের জনক। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সরকারদলীয় এক নেতা অভিযোগ করে বলেন, গর্জনিয়া বাজার-তুলাতলী সড়কের অনেক চালক মাদকাসক্ত। কেউ কেউ চোরাচালানেও জড়িত। মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানোর কারণেই প্রায়ই দুর্ঘটনা ঘটছে বলে তিনি দাবি করেন।
দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি