বুড়িচংয়ে কুরবানির পশুর হাট জমে উঠেছে

বুড়িচংয়ে   কুরবানির পশুর হাট জমে উঠেছে
ছবিঃ মোঃ আবদুল্লাহ

দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুমিল্লার বুড়িচং  উপজেলার বিভিন্ন স্থানে কুরবানির গরু, ছাগল ও ভেড়ার হাট জমে উঠেছে।  উপজেলার বিভিন্ন হাট-বাজারে প্রতিদিনই বাড়ছে পশুর সমাগম। দূর-দূরান্ত থেকে খামারি ও ব্যাপারীরা তাদের লালন-পালন করা পশু নিয়ে হাটে আসছেন, আর ক্রেতারাও পছন্দের পশু কিনতে ভিড় করছেন। হাটগুলোতে ছোট, মাঝারি ও বড় আকারের গরুর পাশাপাশি ছাগলেরও ব্যাপক চাহিদা দেখা যাচ্ছে। ক্রেতা-বিক্রেতাদের মধ্যে চলছে দর-কষাকষি। তবে ঈদের এখনও কিছুদিন বাকি থাকায় অনেক বিক্রেতা প্রত্যাশিত মূল্য না পেয়ে পশু বিক্রিতে অপেক্ষার কৌশল অবলম্বন করছেন। দেশের অন্যান্য এলাকার মতো বুড়িচং  পশুর হাটেও দিন দিন বেচাকেনা বাড়ছে।  এদিকে, হাটে আগত পশুর স্বাস্থ্য পরীক্ষা ও সার্বিক পরিবেশ তদারকিতে প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা কাজ করছেন বলে জানা গেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, ঈদ যত ঘনিয়ে আসবে, ততই জমজমাট হয়ে উঠবে উপজেলার পশুর হাটগুলো। স্থানীয় খামারিরা জানান, দেশীয় জাতের গরুর প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি থাকায় তারা ভালো বিক্রির আশা করছেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ