নাইক্ষ্যংছড়ি'র বাইশারী ইউনিয়ন পরিষদ সড়কের কাজে ধীরগতি ও অনিয়মের অভিযোগ, চরম ভোগান্তিতে জনসাধারণ

নাইক্ষ্যংছড়ি'র বাইশারী ইউনিয়ন পরিষদ সড়কের কাজে ধীরগতি ও অনিয়মের অভিযোগ, চরম ভোগান্তিতে জনসাধারণ
ছবিঃ এম হাবিবুর রহমান রনি

দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদ সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজে ধীরগতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও মান যাচাই ছাড়াই দীর্ঘদিন ধরে কাজ পরিচালনা করা হয়েছে। ফলে সড়কটি ব্যবহারে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে শুরু হওয়া সড়ক উন্নয়নকাজ নানা অবহেলা ও গাফিলতির কারণে নির্ধারিত সময়ে শেষ হয়নি। কাজের গতি অত্যন্ত ধীর হওয়ায় প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। সম্প্রতি কাজ পুরোপুরি বন্ধ হয়ে থাকায় ক্ষোভ বিরাজ করছে এলাকাবাসীর মধ্যে।

বাইশারী ইউনিয়ন পরিষদ সড়কটি এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। এ সড়ক দিয়ে প্রতিদিন ইউনিয়ন পরিষদ, বিভিন্ন স্কুল-কলেজ, মাদ্রাসা, হাসপাতাল ও বাজারে যাতায়াত করেন হাজারো মানুষ। বিকল্প কোনো সড়ক না থাকায় শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, কিছু অসাধু ঠিকাদারের অবহেলা ও দায়িত্বহীনতার কারণে প্রকল্পের কাজ বারবার বাধাগ্রস্ত হচ্ছে। এতে জনসাধারণের সময় ও অর্থের অপচয়ের পাশাপাশি জরুরি সেবাগ্রহীতারাও সমস্যার সম্মুখীন হচ্ছেন।

এলাকাবাসী দ্রুত সড়কটির কাজ পুনরায় শুরু করে নির্ধারিত মান বজায় রেখে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা সড়ক নির্মাণকাজে কোনো ধরনের অনিয়ম হয়ে থাকলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান। এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদার ও কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি