পীরগাছায় ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু

পীরগাছায় ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু
ছবিঃ আতিকুর রহমান

দৈনিক বিজয় নিউজ পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের পীরগাছায় মাঠে খেলাধুলা শেষে বাড়ি ফেরার পথে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। হৃদয়বিদারক এই ঘটনায় দুই পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুরা হলো— পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নের দিকটারী এলাকার শামসুল ইসলামের ছেলে সোহাগ (৪) এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মীরগঞ্জ চাচিয়া এলাকার জাহিদ হোসেনের ছেলে আবিদ (৭)। সম্পর্কে তারা আপন মামাতো-ফুফাতো ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটি কাটাতে আবিদ হাসান কয়েকদিন আগে পীরগাছায় তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল। আজ বুধবার সকাল ১০টার দিকে দুই ভাই একসঙ্গে খেলাধুলা করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় পার হয়ে গেলেও তারা বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন এবং আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয় বাসিন্দারা বাড়ির পাশের একটি ডোবায় দুটি শিশুর মরদেহ ভাসতে দেখে আঁতকে ওঠেন। সঙ্গে সঙ্গে তাদের পানি থেকে উদ্ধার করে ওপরে তুলে আনা হলেও ততক্ষণে দুই শিশুরই মৃত্যু হয়।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশু দুটির মরদেহ সুরতহাল রিপোর্ট তৈরি করে কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একসঙ্গে দুই শিশুর এমন অকাল মৃত্যুতে কোনোভাবেই সান্ত্বনা মেলাতে পারছেন না স্বজনেরা।

দৈনিক বিজয় নিউজ/ আতিকুর রহমান