একটি মহল দেশকে অস্থিতিশীল করতে চায়, সবাইকে সতর্ক থাকতে হবে: মির্জা ফখরুল

একটি মহল দেশকে অস্থিতিশীল করতে চায়, সবাইকে সতর্ক থাকতে হবে: মির্জা ফখরুল
ছবিঃ মোঃ নাজিমুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা রুখে দিতে জনগণকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (৩ জুন) দুপুরে ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। মির্জা ফখরুল বলেন, “একটি মহল দেশকে অশান্ত ও অস্থিতিশীল করতে চায়। সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে কোনোভাবেই তারা তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে না পারে। পাশাপাশি নিজ নিজ এলাকার উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে।” তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করছে। নির্বাচনের আগে ঘোষিত বিভিন্ন অঙ্গীকারের মধ্যে নতুন উপজেলা উদ্বোধন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ, মেডিকেল কলেজের অনুমোদন এবং বিমানবন্দর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, “ফ্যামিলি কার্ড কর্মসূচি, খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। জনগণের ভোট ও সমর্থনের কারণেই এসব উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে।” তরুণ সমাজের উদ্দেশে তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে ওঠার পাশাপাশি মাদকাসক্তি থেকে দূরে থেকে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি। এ সময় তিনি জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের নির্বাচিত হওয়াকে দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধির স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রুহিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন।

দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম