রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে ৪০ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:
পাবনায় নারীদের আত্ম কর্মসংস্থান ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ শেষে ৪০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটি। শনিবার ৬ জুন সকাল সাড়ে ১১টায় শিমলা হাসপাতাল অডিটোরিয়াম-এ আয়োজিত এক সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সেলাই মেশিন ও সনদপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরণ করেন ও নানা দিক নির্দেশনা মুলক বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক বীরমুক্তি যোদ্ধা জহুরুল ইসলাম বিশু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রোটারি ক্লাব মানবকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। আইনগত কোনো বাধা না থাকলে জেলা পরিষদের পক্ষ থেকে এ ধরনের সামাজিক উদ্যোগে সহযোগিতা করা হবে। তিনি আরও বলেন, দায়িত্ব পালনকে তিনি ইবাদতের অংশ হিসেবে দেখেন এবং সততা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, সেলাই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়া সম্ভব। বর্তমানে অনেক নারী ঘরে বসেই সেলাইয়ের কাজ করে পরিবারের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন করছেন। প্রশিক্ষণপ্রাপ্ত নারীরাও এ সুযোগ কাজে লাগিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানের শুরুতে ক্লাবের সদস্যরা অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৪০ জন নারীর মধ্যে ১৭ জন কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। ক্লাবের পক্ষ থেকে উত্তীর্ণ ১৭ জনকে একটি করে সেলাই মেশিন প্রদান করা হয়। পরে অনুষ্ঠানের বিশেষ অতিথি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক গোলাম রব্বানী কামনা বাকি প্রশিক্ষণার্থীদের মাঝেও সেলাই মেশিন বিতরণ করেন। মুকাদ্দিস আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন গোলাম রব্বানী কামনা। স্বাগত বক্তব্য দেন প্রকল্প চেয়ারম্যান রাজিব হোসেন। ডা. মঞ্জুরা রহমান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আবুল হোসেন, আবু মোহাম্মদ মোর্শেদ এবং আলতাফ হোসেন প্রমুখ।
প্রশিক্ষণে প্রথম স্থান অর্জনকারী প্রশিক্ষণার্থী বর্ষা খাতুন নীলা তার অনুভূতি প্রকাশ করে বলেন, এই প্রশিক্ষণ ও সেলাই মেশিন তার কর্মজীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প চেয়ারম্যান সিরাজুল ইসলাম, রইস উদ্দিন-সহ ক্লাবের অন্যান্য সদস্য, উপকারভোগী ৪০ জন নারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের একপর্যায়ে প্রশিক্ষণার্থীরা সম্মিলিতভাবে তাদের প্রশিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করেন।আয়োজকরা জানান, নারীদের দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান