সোনাইছড়িতে ১১ বিজিবির মানবিক কার্যক্রম: চিকিৎসা সেবা, শিক্ষা সামগ্রী ও খাদ্য বিতরণ
দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
সীমান্ত রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) দুর্গম পাহাড়ি সোনাইছড়ি ইউনিয়নের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে চিকিৎসা সেবা, শিক্ষা সহায়ক সামগ্রী, খেলাধুলার উপকরণ এবং খাদ্যসামগ্রী বিতরণ করেছে। মঙ্গলবার (৯ জুন) উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় এ মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়। নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিজিবি সদস্যদের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় জনগণের জন্য একটি বিনামূল্যের মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এতে এলাকার শতাধিক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী ও খেলাধুলার বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। এছাড়া দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী প্রদান করা হয়। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ফয়জুল কবির বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা, চোরাচালান, মাদক ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি সীমান্তবর্তী দুর্গম অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সহায়তা প্রদান করাও বিজিবির গুরুত্বপূর্ণ দায়িত্বের অংশ। এ লক্ষ্যেই এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, এ ধরনের মানবিক কার্যক্রম স্থানীয় জনগণের সঙ্গে বিজিবির সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করবে এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে। স্থানীয়রা বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এমন জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি