নির্বাচনী মাঠে সরব অন্নদানগরের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাহাবুর
দৈনিক বিজয় নিউজ পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রংপুরের পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীদের নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কাজী মাহাবুবার রহমান মাহাবুর। দীর্ঘদিন ধরে ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় ইউনিয়নের সাধারণ মানুষের কাছে তিনি পরিচিত মুখ হিসেবে বিবেচিত। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার অবহেলিত জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতা প্রদান, অসহায় পরিবারের সহায়তা এবং বিভিন্ন সামাজিক উদ্যোগে সক্রিয় ভূমিকা রাখার কারণে ইতোমধ্যে তিনি ব্যাপক সুনাম অর্জন করেছেন। নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি ইউনিয়নের বিভিন্ন গ্রাম, হাট-বাজার ও জনবহুল এলাকায় গণসংযোগ ও মতবিনিময় সভা করছেন কাজী মাহাবুবার রহমান মাহাবুর। এসব কর্মসূচিতে তিনি সাধারণ মানুষের সমস্যা ও সম্ভাবনার কথা শুনছেন এবং নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছেন। তিনি বলেন, “অন্নদানগর ইউনিয়নের উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আমি কাজ করতে চাই। জনগণ যদি আমাকে সুযোগ দেয়, তাহলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবো। ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তর করাই আমার লক্ষ্য।” স্থানীয়রা জানান, সমাজসেবামূলক কর্মকাণ্ড এবং মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগের কারণে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজী মাহাবুবার রহমান মাহাবুর ইতোমধ্যে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় তার ভূমিকা নিয়ে ইতিবাচক আলোচনা রয়েছে বলে তারা মন্তব্য করেন। এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে অন্নদানগর ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণা ও গণসংযোগে ভোটারদের মধ্যেও বাড়ছে আগ্রহ। সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে কাজী মাহাবুবার রহমান মাহাবুরের জনসম্পৃক্ততা ও গণসংযোগ কার্যক্রম ইতোমধ্যে অন্নদানগর ইউনিয়নে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ আতিকুর রহমান