বগুড়ায় গাকের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

বগুড়ায় গাকের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:

‘জলবায়ু পরিবর্তন, আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করেছে দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক)। বিশ্বব্যাংক ও পিকেএসএফ-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় বাস্তবায়নাধীন সাসটেইনেবল মাইক্রোএন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্ট ট্রান্সফরমেশন স্মার্ট প্রকল্পের আওতায় মেশিনারি ও যন্ত্রাংশ উপ-প্রকল্পের উদ্যোগে মঙ্গলবার ২৩ জুন এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, পরিবেশ সচেতনতা বৃদ্ধিমূলক প্রচারণা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। গাকের সিনিয়র পরিচালক ড. মো. মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আতাউর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্ন-এর নির্বাহী পরিচালক এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান। এছাড়া অনুষ্ঠানে গাকের উপ-পরিচালক মোহাম্মদ আরমান হোসেন ও সহকারী পরিচালক মো. জিয়া উদ্দিন সরদার প্রমূখ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশ, কৃষি, জীববৈচিত্র্য ও মানুষের জীবন-জীবিকা ক্রমেই ঝুঁকির মুখে পড়ছে। এই বৈশ্বিক সংকট মোকাবিলায় ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের পাশাপাশি পরিবেশবান্ধব জীবনযাপনের চর্চা বাড়াতে হবে। বর্তমান সময়ের সচেতন পদক্ষেপই আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে পারে। প্রধান অতিথির বক্তব্যে মো. আতাউর রহমান বলেন, “পরিবেশ সংরক্ষণ এখন আর শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি টেকসই উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সমাজের সব স্তরের মানুষের সক্রিয় অংশ গ্রহণ নিশ্চিত করতে হবে। বিশেষ অতিথি মো. জিয়াউর রহমান বলেন, পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি, ব্যাপক বৃক্ষরোপণ এবং প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহারের কোনো বিকল্প নেই। এ কাজে তরুণ যুব সমাজকে আরও বেশি সম্পৃক্ত করতে হবে। সভাপতির বক্তব্যে ড. মো. মাহবুব আলম বলেন, বিশ্বব্যাংক ও পিকেএসএফ'র সহযোগিতায় বাস্তবায়িত স্মার্ট প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জলবায়ু সহনশীল ও পরিবেশবান্ধব উদ্যোগ গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। আলোচনা শেষে অংশগ্রহণকারীদের নিয়ে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। অনুষ্ঠানে স্মার্ট প্রকল্পের উপকারভোগী উদ্যোক্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গৃহীত এ ধরনের উদ্যোগ পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান