সফিপুর আনসার-ভিডিপি একাডেমিতে ৯ম জাতীয় বেসবল টুর্নামেন্টের উদ্বোধন

সফিপুর আনসার-ভিডিপি একাডেমিতে ৯ম জাতীয় বেসবল টুর্নামেন্টের উদ্বোধন
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:

গাজীপুর জেলার সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একাডেমি মাঠে ২৬ জুন শুক্রবার তিন দিনব্যাপী ৯ম জাতীয় বেসবল টুর্নামেন্ট-এর উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ বেসবল ফেডারেশনের আয়োজনে এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। বেসবলের শক্তি, তারুণ্যের অঙ্গীকার, ক্রীড়া হবে পেশা, পরিবার পাবে ভরসা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত টুর্নামেন্টে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসারসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত মোট ১৪টি দল অংশগ্রহণ করছে। বাংলাদেশ বেসবল ফেডারেশনের নিজস্ব মাঠ না থাকায় বাংলাদেশ আনসার-ভিডিপি একাডেমির মাঠেই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, দেশের যুব সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশে বেসবলের মতো আধুনিক ও সম্ভাবনাময় খেলার আয়োজন একটি সময়োপযোগী উদ্যোগ। তিনি বলেন, বাংলাদেশ আনসার ও ভিডিপির তৃণমূল ভিত্তিক বিস্তৃত সাংগঠনিক নেটওয়ার্কের মাধ্যমে বেসবল দেশের প্রত্যন্ত অঞ্চলেও ছড়িয়ে দেওয়া সম্ভব হবে। এর ফলে তরুণ সমাজ মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে একটি সুস্থ ও শৃঙ্খল জীবন গড়ে তুলতে উৎসাহিত হবে। তিনি আরও বলেন, জাতীয় ক্রীড়াঙ্গন'র বিকাশে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই টুর্নামেন্ট আয়োজনের সঙ্গে বাহিনীর সম্পৃক্ততা তাদের সাংগঠনিক সক্ষমতা, অবকাঠামোগত প্রস্তুতি এবং দেশের ক্রীড়া উন্নয়নে আন্তরিক অঙ্গীকারেরই বহিঃপ্রকাশ। বিশ্বব্যাপী জনপ্রিয় বেসবল বাংলাদেশে এখনও বিকাশের প্রাথমিক পর্যায়ে থাকলেও সম্মিলিত প্রচেষ্টায় ভবিষ্যতে এটি দেশের অন্যতম জনপ্রিয় খেলায় পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদ ও বাংলাদেশ বেসবল ফেডারেশনের কর্মকর্তারা বক্তব্য দেন। এ সময় আনসার ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট, বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ক্রীড়া সংগঠক, বিভিন্ন দলের খেলোয়াড়, প্রশিক্ষক এবং আমন্ত্রিত অতিথি ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান