রাজশাহীতে পুকুর ভরাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
রাজশাহীতে অবৈধভাবে পুকুর ভরাটের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন সংশ্লিষ্ট এলাকার এক ভুক্তভোগী। মঙ্গলবার রাতে রাজশাহী প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নগরের বড় বনগ্রাম এলাকার বাসিন্দা মো. মামুন হাসান মিলন। তিনি অভিযোগ করেন, রাজশাহী নগরের আলমাস, ইমরান ও ফয়েজ নামের তিন ব্যক্তি দেশের বিদ্যমান আইন উপেক্ষা করে বড় বনগ্রাম এলাকার একটি ঐতিহ্যবাহী পুকুর ভরাট করেছেন। লিখিত বক্তব্যে মামুন হাসান মিলন বলেন, রাজশাহী নগরের ১৭ নম্বর ওয়ার্ডের নতুন বাস টার্মিনাল এলাকার বেলুন চত্বর থেকে মাত্র ১০০ থেকে ২০০ গজ দূরে রাস্তার পাশে অবস্থিত ‘মৌজা: বড়বনগ্রাম, জে এল নং: ৮২’-এর একটি পুরোনো পুকুর জোরপূর্বক ভরাট করা হচ্ছিল। এই ভরাট বন্ধের দাবিতে এলাকাবাসীর পক্ষ থেকে গত ২ ও ৩ জুন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের শাহমখদুম থানা, জেলা প্রশাসক এবং বোয়ালিয়া সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়। তিনি আরও বলেন, প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়ার পরও অভিযুক্ত ব্যক্তিরা আইন-কানুন ও নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে জোরপূর্বক পুরো পুকুরটি মাটি দিয়ে ভরাট সম্পন্ন করেছেন। বিষয়টি দ্রুত তদন্ত করে পুকুর ভরাটে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে মামুন হাসান মিলন ভূমি মন্ত্রণালয়সহ স্থানীয় প্রশাসনের কাছে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর রাজশাহীর সহকারী পরিচালক মো. কবির হোসেন বলেন, “এই বিষয়ে অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে সরেজমিনে একাধিকবার তদন্ত করা হয়েছে। পুকুর ভরাটের কাজ বন্ধ করা হয়েছে। এই সম্পত্তি নিয়ে মামলা চলমান রয়েছে।”
দৈনিক বিজয় নিউজ / মোঃ রাজিব খাঁন