পাবনায় সাঁথিয়া পৌরসভাকে মডেল পৌরসভা হিসেবে গড়ার প্রত্যয়ঃ সাঁথিয়ায় জনসমর্থনে এগিয়ে বিএনপি নেতা আশিক ইকবাল রাসেল
দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ
আসন্ন সাঁথিয়া পৌরসভা নির্বাচনকে সামনে রেখে পাবনার স্থানীয় রাজনীতির মাঠ ক্রমেই উত্তপ্ত ও উৎসবমুখর হয়ে উঠছে। এই নির্বাচনে সাঁথিয়া পৌরসভাকে একটি আধুনিক, পরিকল্পিত ও ‘মডেল পৌরসভা’ হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন তরুণ ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব আশিক ইকবাল রাসেল। তিনি বর্তমানে সাঁথিয়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তৃণমূলের প্রিয়মুখ আশিক ইকবাল রাসেল হঠাৎ করেই রাজনীতির মাঠে আসেননি। ছাত্রজীবন থেকেই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত হন। পরবর্তীতে যুবদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে নিজের সাংগঠনিক দক্ষতা ও ত্যাগী নেতৃত্বের প্রমাণ দিয়েছেন। তৃণমূল নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে তার রয়েছে গভীর আত্মিক সম্পর্ক। ইতিপূর্বে তিনি সাঁথিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে ব্যাপক জনসমর্থন ও ভোট পেয়েছিলেন, যা তার জনপ্রিয়তার এক বড় প্রমাণ।
রাসেলের রাজনীতিতে আসার মূল লক্ষ্যই হলো জনগণের উন্নয়ন ও সেবা করা। স্থানীয়রা জানান, করোনাকালীন সংকট থেকে শুরু করে যেকোনো দুর্যোগ-দুর্বিপাকে আশিক ইকবাল রাসেল সব সময় অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন। নিজের সাধ্যমতো বিলিয়ে দিয়েছেন সাহায্য-সহযোগিতা। তার এই জনসেবার মানসিকতা মূলত পারিবারিক ঐতিহ্য। তিনি সাঁথিয়ার এক ঐতিহ্যবাহী ও সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তার দাদা এবং বাবা—উভয়েই অতীতে সুনামের সাথে সাঁথিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এলাকার উন্নয়নে অনবদ্য ভূমিকা রেখেছেন। বংশানুক্রমিকভাবেই তাদের পরিবার সাঁথিয়ার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার জন্য সুপরিচিত।
নির্বাচনী ভাবনা ও সাঁথিয়া পৌরসভাকে নিয়ে নিজের মহাপরিকল্পনার কথা জানতে চাইলে আশিক ইকবাল রাসেল বলেন: "আমি পদের লোভে কিংবা ক্ষমতার জন্য রাজনীতি করি না। সাঁথিয়া পৌরবাসীর দুঃখ-দুর্দশা লাঘব করা এবং তাদের নাগরিক অধিকার নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। নির্বাচিত হতে পারলে দলমত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, সুপেয় পানির ব্যবস্থা ও মাদকমুক্ত একটি সমাজ গঠন করব। সাঁথিয়াকে একটি আধুনিক ও দৃষ্টিনন্দন 'মডেল পৌরসভা' হিসেবে রূপান্তর করাই আমার প্রধান অঙ্গীকার।
পৌর নাগরিকের জীবনযাত্রার মান উন্নয়ন ও পরিবেশবান্ধব শহর গড়ার লক্ষ্যে তিনি তাঁর সুনির্দিষ্ট কিছু পরিকল্পনার কথা তুলে ধরেন। তাঁর নির্বাচনী ইশতেহার ও স্বপ্নের প্রকল্পগুলোর মধ্যে রয়েছে: সাঁথিয়া বাজার জামে মসজিদের সামনে দিয়ে পানি উন্নয়ন বোর্ডের ক্যানালের বাঁধ সংস্কার করে গোপীনাথপুর চামচাঘাট ব্রিজ পর্যন্ত যানজট নিরসনের জন্য নতুন রাস্তা নির্মাণ। কৃষকদের জমি থেকে সহজে ফসল উত্তোলনের জন্য বিশেষ রাস্তা নির্মাণ এবং নোওয়ানি ও চক কোনাবাড়িয়া পানি উন্নয়ন বোর্ডের ক্যানালের উপর একটি সংযোগ ব্রিজ নির্মাণ। পৌরসভার সাতটি প্রবেশপথে দৃষ্টিনন্দন ও শিক্ষণীয় সীমানা স্তম্ভ নির্মাণ। শিশুদের জন্য বিনোদন পার্ক, সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য মুক্ত মঞ্চ, ওয়ার্ডভিত্তিক পাঠাগার স্থাপন এবং খেলাধুলার সুযোগ-সুবিধা বৃদ্ধি করা। সমাজে পিছিয়ে পড়া ও ভবঘুরে মানসিক প্রতিবন্ধীদের জন্য নিয়মিত খাবারের স্থায়ী ব্যবস্থা করা।
পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা গেছে, তরুণ এই নেতার পরিচ্ছন্ন ভাবমূর্তি, পারিবারিক ঐতিহ্য এবং সাধারণ মানুষের প্রতি গভীর ভালোবাসা তরুণ সমাজ ও সাধারণ ভোটারদের দারুণভাবে আকৃষ্ট করছে। বিএনপির নেতাকর্মী ও সাধারণ ভোটারদের একাংশের মতে, সাঁথিয়া পৌরসভার কাঙ্ক্ষিত ও টেকসই উন্নয়নের জন্য আশিক ইকবাল রাসেলের মতো একজন সৎ, যোগ্য ও তারুণ্যদীপ্ত নেতার বিকল্প নেই। পৌরবাসী এখন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় রয়েছেন, যেখানে তারা ব্যালটের মাধ্যমে তাদের প্রিয় নেতাকে নির্বাচিত করে সাঁথিয়ার উন্নয়নকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবেন।
আশিক ইকবাল রাসেল প্রসঙ্গে কথা হয় পাবনা জেলা আইনজীবী সমিতির সদস্য, পরিবেশ মানবাধিকার সম্প্রীতি নিয়ে কাজ করা সংগঠন গ্রিনপিস বাংলা, পাবনা জেলা শাখা, পাবনা সভাপতি অ্যাডভোকেট এস এম মনিরুজ্জামান আকাশ বলেন, আশিক ইকবাল রাসেল একজন তারুণ্য নির্ভর পরিশ্রমী বিচক্ষণ দেশ প্রেমিক ও আত্মসমালোচক রাজনৈতিক কর্মী। মাদক ও সন্ত্রাস মুক্ত সাঁথিয়া পৌরসভা সংস্কারে একটি বার আশিক ইকবাল রাসেলকে ভোট দিয়ে পরীক্ষা করা যেতেই পারে। মুক্তিযুদ্ধের চেতনাদ্বীপ্ত সামাজিক দায়বদ্ধতায় আবদ্ধ থেকে সাঁথিয়া পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে সংস্কার করে জনগনের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দিতে পারবেন আশিক ইকবাল রাসেল।
দৈনিক বিজয় নিউজ/ এস এম এম আকাশ