পটুয়াখালী প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য সাংবাদিক জাকির মাহমুদ সেলিম আর নেই

পটুয়াখালী প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য সাংবাদিক জাকির মাহমুদ সেলিম আর নেই
ছবিঃ নাসির উদ্দিন

দৈনিক বিজয় নিউজ গলাচিপা উপজেলা প্রতিনিধি:

গভীর শোক ও বেদনার সঙ্গে জানানো যাচ্ছে যে, পটুয়াখালী প্রেসক্লাবের কার্যকরী কমিটির সম্মানিত সদস্য, প্রবীণ সাংবাদিক জাকির মাহমুদ সেলিম ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুতে পটুয়াখালীসহ গলাচিপার সাংবাদিক সমাজ, শুভানুধ্যায়ী, সহকর্মী ও সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। একজন সৎ, নিষ্ঠাবান, সাহসী ও মানবিক সাংবাদিক হিসেবে জাকির মাহমুদ সেলিম দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি নিরলসভাবে কাজ করেছেন এবং সাধারণ মানুষের সুখ-দুঃখ, অধিকার ও ন্যায্য দাবিকে সংবাদ মাধ্যমে তুলে ধরতে ছিলেন সদা সচেষ্ট। সহকর্মীদের কাছে তিনি ছিলেন একজন আন্তরিক, বিনয়ী ও সহযোগিতাপরায়ণ মানুষ। তাঁর কর্মনিষ্ঠা, সততা, পেশাদারিত্ব এবং মানবিক গুণাবলি তাঁকে সবার কাছে শ্রদ্ধেয় ও প্রিয় ব্যক্তিত্বে পরিণত করেছিল। তাঁর এই অকাল প্রয়াণে সাংবাদিক অঙ্গন হারালো একজন অভিজ্ঞ, দায়িত্বশীল ও নিবেদিতপ্রাণ সংবাদকর্মী, যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। জাকির মাহমুদ সেলিমের মৃত্যুতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা তিকনি যেন মরহুম জাকির মাহমুদ সেলিমকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন, তাঁর সকল গুনাহ ক্ষমা করে দেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন।

দৈনিক বিজয় নিউজ/ নাসির উদ্দিন