সিরাজগঞ্জে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেন'জি ও সর্বসাধারণের সঙ্গে মতবিনিময় সভা

সিরাজগঞ্জে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেন'জি ও সর্বসাধারণের সঙ্গে মতবিনিময় সভা
ছবিঃ মোঃ হোসেন আলী ছোট্ট

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

“মাদকমুক্ত সমাজ গড়তে মাদককে না বলুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেন'জি ও সর্বসাধারণের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাত ৯টায় সিরাজগঞ্জ পৌর শহরের ভাসানী রোডের সিদ্দিক মোড় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদল, সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. আশরাফুল আলম (আলীম)-এর সার্বিক সহযোগিতায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ৫ নম্বর ওয়ার্ডের প্রবীণ ব্যক্তি মো. আব্দুল সালাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট এবং একক সংঘ ক্লাবের সভাপতি মো. সাইদুর রহমান বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন রাজেশ, জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার আবু তালহা, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও পৌরসভা কর্মকর্তা-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আলামীন সেখ, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, ৪ নম্বর ওয়ার্ডের প্রবীণ ব্যক্তি মো. ছানোয়ার হোসেন ছানু, সাবেক ছাত্রনেতা সুমন আহমেদ, এলাকার প্রবীণ ব্যক্তি আব্দুল লতিফ দুলাল, আব্দুর রাজ্জাক, পরশমণি, জাহাঙ্গীর এবং সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জুয়েলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে মো. সাইদুর রহমান বাচ্চু বলেন, “আমি আপনাদেরই সন্তান। নানা কারণে হয়তো অনেকের ফোন ধরতে পারিনি, সবার খোঁজখবর নিতে পারিনি কিংবা অনেকের প্রত্যাশা পূরণ করতে পারিনি। যদি আমার কোনো আচরণে কেউ কষ্ট পেয়ে থাকেন, তবে আমি আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।” তিনি আরও বলেন, “কে মেয়র হবেন, কে চেয়ারম্যান হবেন—এসব মহান আল্লাহর ইচ্ছার ওপর নির্ভরশীল। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং আমাদের অভিভাবক ইকবাল হাসান মাহমুদ টুকু যাকে দলীয় মনোনয়ন দেবেন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তার পক্ষেই কাজ করব, ইনশাআল্লাহ।” তিনি বলেন, “বিএনপি আমাদের ত্যাগ ও সংগ্রামের দল। এই দলের জন্য আমরা বহু ত্যাগ স্বীকার করেছি, রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছি। ব্যক্তিগত স্বার্থের জন্য দলের কোনো ক্ষতি হোক, তা আমরা কখনো চাই না। দলীয় ঐক্য অটুট রেখে জনগণের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।” বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, বর্তমান প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে পরিবার, সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং তরুণদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। যুবসমাজকে খেলাধুলা, শিক্ষা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত করার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী, তরুণ-তরুণী এবং এলাকার বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ হোসেন আলী ছোট্ট