নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারি কলেজের এইচএসসি পরীক্ষা নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে বোর্ডের আশ্বাস

নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারি কলেজের এইচএসসি পরীক্ষা নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে বোর্ডের আশ্বাস
ছবিঃ এম হাবিবুর রহমান রনি

দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারি কলেজে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় এমসিকিউ অংশে ভুল প্রশ্নপত্র সরবরাহের ঘটনায় সৃষ্ট জটিলতা নিরসনে আশ্বাস দিয়েছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। এ বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসান। ইউএনও এনামুল হাসান সাংবাদিকদের জানান, বিষয়টি তাঁর নজরে আসার পর তিনি সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে কথা বলেন। পরীক্ষা নিয়ন্ত্রক তাঁকে আশ্বস্ত করেন যে, ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের রোল নম্বর সরবরাহ করা হলে তাদের যেন কোনো ধরনের ক্ষতি না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার এমসিকিউ অংশে ভুল প্রশ্নপত্র বিতরণ করা হয়। হল পরিদর্শকরা পরীক্ষার শেষের দিকে বিষয়টি বুঝতে পারে।

এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ তুলে গত ৩ জুলাই শিক্ষার্থীরা নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে এবং ঘটনার সুষ্ঠু সমাধান দাবি জানায়। এদিকে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট হল পরিদর্শকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ পরিস্থিতিতে শিক্ষার্থী ও অভিভাবকদের আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে ইউএনও এনামুল হাসান বলেন, শিক্ষা বোর্ড বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি