নাইক্ষ্যংছড়ির বাইশারী কেন্দ্রীয় জামে মসজিদ ঝুঁকিতে, মাটিতে বিশাল ফাটল, দুর্ঘটনার আশঙ্কা!
দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদটি বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। মসজিদের একেবারে পাশেই বড় ধরনের মাটিধসের লক্ষণ দেখা দিয়েছে, যা স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মসজিদের দেয়াল থেকে মাত্র তিন থেকে চার ফুট দূরে বিশাল আকারের মাটির ফাটল সৃষ্টি হয়েছে। স্থানীয়দের আশঙ্কা, টানা ভারী বর্ষণ অব্যাহত থাকলে যে কোনো সময় বড় ধরনের ভূমিধসের ঘটনা ঘটতে পারে, যা মসজিদের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবে। স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালে জেলা পরিষদের অর্থায়নে সেখানে একটি গাইড ওয়াল নির্মাণ করা হয়েছিল। তবে গাইড ওয়ালটি মসজিদের মূল অংশ থেকে অনেক নিচে নির্মাণ করায় মাটি ধস রোধে কার্যকর ভূমিকা রাখতে পারেনি। ফলে বর্তমানে মসজিদের পাশের ভূমিতে ফাটল দেখা দিয়েছে।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি জসীমউদ্দীন বলেন, মসজিদটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। অন্যথায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এদিকে, বাইশারী বাজার পরিচালনা কমিটির সভাপতি আব্দুল করিম বান্টু ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, মসজিদের বর্তমান অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী দ্রুত জরুরি ভিত্তিতে মাটি সংরক্ষণ, শক্তিশালী প্রতিরক্ষা দেয়াল নির্মাণ এবং ঝুঁকি নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি