রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শিক্ষা-গবেষণা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় গৌরবের ৭৩ বছর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শিক্ষা-গবেষণা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় গৌরবের ৭৩ বছর
ছবিঃ মোঃ রাজিব খাঁন

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

"শিক্ষা-গবেষণা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় রাজশাহী বিশ্ববিদ্যালয়"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে দেশের অন্যতম ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। রবিবার (৬ জুলাই) সকাল থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দিবসের সূচনায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর বিশ্ববিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যবৃন্দ, ট্রেজারার, সিনেট ও সিন্ডিকেট সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, হল প্রাধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৫৩ সালে প্রতিষ্ঠার পর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশের উচ্চশিক্ষা, গবেষণা, সাহিত্য-সংস্কৃতি এবং গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এখানকার অসংখ্য শিক্ষার্থী দেশ-বিদেশে শিক্ষা, প্রশাসন, বিচার বিভাগ, চিকিৎসা, প্রকৌশল, গবেষণা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে নেতৃত্ব দিয়ে দেশের সুনাম বৃদ্ধি করেছেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি দেশের বুদ্ধিবৃত্তিক ও গণতান্ত্রিক চেতনার অন্যতম প্রাণকেন্দ্র। আধুনিক ও গবেষণাভিত্তিক শিক্ষা নিশ্চিত করার মাধ্যমে আন্তর্জাতিক মানের মানবসম্পদ গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে। সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম বলেন, শিক্ষা ও গবেষণার উৎকর্ষ সাধনের পাশাপাশি প্রযুক্তিনির্ভর, উদ্ভাবনী ও মানবিক মূল্যবোধসম্পন্ন শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে রাজশাহী বিশ্ববিদ্যালয় নিরলসভাবে কাজ করছে। তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রযাত্রায় সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানের বক্তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, সংস্কৃতি ও গণতান্ত্রিক চর্চায় গৌরবোজ্জ্বল অবদানের কথা তুলে ধরে বলেন, আগামী দিনেও এই বিশ্ববিদ্যালয় দেশ ও জাতির কল্যাণে জ্ঞানচর্চা, গবেষণা, উদ্ভাবন এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করবে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষার্থী ও উপস্থিত অতিথিদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো ক্যাম্পাস উৎসবের আবহে মুখর হয়ে ওঠে।

দৈনিক বিজয় নিউজ / মোঃ রাজিব খাঁন