বাংলাদেশ ডেন্টাল পরিষদ, সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে ডেন্টাল ডিপ্লোমা সনদধারীদের প্রাক্টিস রেজিষ্ট্রেশনের দাবিতে  স্মারকলিপি প্রদান

বাংলাদেশ ডেন্টাল পরিষদ, সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে ডেন্টাল ডিপ্লোমা সনদধারীদের প্রাক্টিস  রেজিষ্ট্রেশনের দাবিতে  স্মারকলিপি প্রদান
ছবিঃ মোঃ হোসেন আলী ছোট্ট

দৈনিক বিজয় নিউজ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ ডেন্টাল পরিষদের  কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলায়  বাংলাদেশ সরকার অনুমোদিত  ডেন্টাল ডিপ্লোমা সনদধারীদেরকে স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয় কতৃক সুপারিশ কৃত কর্মপরিধির আলোকে  সীমিত পরিসরে  পেশাগত নিবন্ধন / প্রাক্টিস রেজিষ্ট্রেশনের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ০৭ জুলাই)  সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট চত্বরে,  বাংলাদেশ ডেন্টাল পরিষদ, সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে বাংলাদেশ ডেন্টাল পরিষদ, সিরাজগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মোঃ আল আমীন সরকার  এর সভাপতিত্বে  বক্তব্য রাখেন,  কেন্দ্রীয় কমিটির যুগ্ম - মহাসচিব ও বাংলাদেশ ডেন্টাল পরিষদ, সিরাজগঞ্জ জেলা শাখার উপদেষ্টা  মোঃ আব্দুল মুকিত আজাদ,বাংলাদেশ ডেন্টাল পরিষদ, সিরাজগঞ্জ জেলা শাখার সহ- সভাপতি মোঃ রাশেদুল ইসলাম,   প্রচার সম্পাদক মোঃ শাহ আলম। এছাড়াও  জেলা কমিটির অন্যন্য নেতৃবৃন্দগণ ও সদস্যগণ  উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন।  মানববন্ধন শেষে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম এর হাতে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন,  দেশের বিশাল জনগোষ্ঠীর অধিকাংশই প্রত্যন্ত অঞ্চলে বসবাস করে।  এই প্রান্তিক জনগোষ্ঠীর দন্ত চিকিৎসা সেবা নিশ্চিত করতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের বিকল্প নেই।  দীর্ঘদিন সরকারি নিয়োগ না থাকায় বিপুল সংখ্যক ডেন্টাল ডিপ্লোমাধারীর বয়স উত্তীর্ণ হয়েছে। এদেরকে সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া  সম্ভব নয়। তাই এই দক্ষ ডিপ্লোমা ডেন্টাল সনদধারীদেরকে জনগণের দন্ত চিকিৎসা সেবায় নিয়োজিত করার জন্য প্রাক্টিস রেজিষ্ট্রেশন অপরিহার্য। বক্তারা আরো বলেন, দেশের দন্ত স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়ন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সহজলভ্য, মানসম্মত ও সাশ্রয়ী দন্ত স্বাস্থ্য সেবা  নিশ্চিত করতে ক্লিনিক্যাল শিক্ষায় শিক্ষিত এবং ডেন্টাল কলেজ হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালের  ডেন্টাল বিভাগে হাতে কলমে প্রশিক্ষিত দক্ষ ডেন্টাল ডিপ্লোমাধারীদের যথাযথভাবে কাজে লাগানোর কোনো বিকল্প নেই।  একদিকে রাষ্ট্রের বিদ্যমান দক্ষ জনশক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হবে, অন্যদিকে হাজার হাজার শিক্ষিত তরুণ-তরুণীর জন্য কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে।নেতৃবৃন্দ আরও বলেন, ডেন্টাল ডিপ্লোমাধারীদের ন্যায্য পেশাগত অধিকার নিশ্চিত করা কেবল একটি পেশাজীবী গোষ্ঠীর দাবি নয়; এটি দেশের জনস্বাস্থ্যব্যবস্থাকে আরও কার্যকর, জনবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক করার একটি সময়োপযোগী পদক্ষেপ। তাই বিষয়টি জনস্বার্থের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপ কামনা করছি।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ হোসেন আলী ছোট্ট