রাজশাহী মোহনপুরে কৃষি উপকরণের দোকানে মোবাইল কোর্ট, ৫০ হাজার টাকা জরিমানা

রাজশাহী মোহনপুরে কৃষি উপকরণের দোকানে মোবাইল কোর্ট, ৫০ হাজার টাকা জরিমানা
ছবিঃ মোঃ রাজিব খাঁন

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

রাজশাহীর মোহনপুর উপজেলার শ্যামপুর হাটে একটি কৃষি উপকরণের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) উপজেলার শ্যামপুর হাটে অবস্থিত মেসার্স মহসিন কৃষি ঘরে এ অভিযান পরিচালিত হয়। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আব্দুল মতিনের প্রসিকিউশনে পরিচালিত অভিযানে দোকানটিতে বিভিন্ন অনিয়মের সত্যতা পাওয়া যায়। অভিযানে দেখা যায়, দোকানটিতে মেয়াদোত্তীর্ণ কৃষি উপকরণ সংরক্ষণ ও বিক্রি, পণ্যের লেবেল পরিবর্তন (অল্টার) এবং অনুমোদনহীন পণ্য বিক্রির অভিযোগ প্রমাণিত হয়েছে। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় দোকানের স্বত্বাধিকারীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এ সময় দোকান থেকে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ কৃষি উপকরণ জব্দ করা হয়। পুলিশের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার। উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষকদের স্বার্থ রক্ষা এবং নিরাপদ ও মানসম্মত কৃষি উপকরণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দৈনিক বিজয় নিউজ / মোঃ রাজিব খাঁন