চার ঘণ্টায় চুরির মালামাল উদ্ধার, চার দিনে ২০ ছিনতাইকারী গ্রেপ্তার: দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযান

চার ঘণ্টায় চুরির মালামাল উদ্ধার, চার দিনে ২০ ছিনতাইকারী গ্রেপ্তার: দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযান
ছবিঃ মোঃ ফারুক আহমেদ সুমন

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধি:

কুমিল্লার দাউদকান্দিতে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে পুলিশ। উপজেলার গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পৃথক অভিযানে চুরির ঘটনার মাত্র চার ঘণ্টার মধ্যে চোরাই মালামাল উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে গত চার দিনে বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২০ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ​সোমবার (৬ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। ​পুলিশ জানায়, গত ৫ জুলাই দিবাগত রাত ৩টার দিকে দাউদকান্দির গৌরীপুর পশ্চিম বাজারে একটি টেলিকম ও ভ্যারাইটিজ দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। সংঘবদ্ধ চোর চক্র দোকান থেকে প্রায় ৩০ হাজার টাকার মোবাইল রিচার্জ কার্ড ও নগদ ৬০ হাজার টাকা লুট করে পালিয়ে যায়। ঘটনার পরপরই ভুক্তভোগীর পক্ষ থেকে দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করা হয়। ​মামলা দায়েরের পর গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল দ্রুত অভিযানে নামে। ঘটনার চার ঘণ্টার মধ্যেই পুলিশ চোর চক্রকে শনাক্ত করে চোরাই রিচার্জ কার্ডসহ দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

​এদিকে, এলাকায় অপরাধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রাখতে গত চার দিনে দাউদকান্দির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২০ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ভাষ্যমতে, গ্রেপ্তার হওয়া আসামিদের অনেকের বিরুদ্ধেই দেশের বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ​এ বিষয়ে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, "অপরাধী যেই হোক, ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। চোর, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। এলাকার জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এই তৎপরতা চলমান থাকবে।"

দৈনিক বিজয় নিউজ/ মোঃ ফারুক আহমেদ সুমন