সিরাজগঞ্জে সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ: ভিডিও জার্নালিস্টরা জয়ী
দৈনিক বিজয় নিউজ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে টেলিভিশন রিপোর্টার ও ভিডিও জার্নালিস্টদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) বিকেল ৪টায় পৌর এলাকার ঐতিহ্যবাহী রহমতগঞ্জ সুতাকল মাঠে এই ম্যাচের আয়োজন করা হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় টেলিভিশন রিপোর্টারদের ৩-০ ব্যবধানে হারিয়ে জয়লাভ করেছে ভিডিও জার্নালিস্ট একাদশ। টেলিভিশন ফোরামের সভাপতি ও চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার ফেরদৌস রবিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান। খেলা শুরু থেকেই দুই পক্ষই আক্রমণ-প্রতিআক্রমণে মাঠ জমিয়ে তোলে। তবে মাঠের ক্যামেরার পেছনের কারিগর ভিডিও জার্নালিস্টরা আজ খেলার মাঠেও তাদের নৈপুণ্য প্রদর্শন করেন। প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধ মিলিয়ে তারা রিপোর্টারদের জালে একে একে ৩টি গোল বল পাঠান। বিপরীতে রিপোর্টার্স একাদশ বেশ কয়েকটি সুবর্ণ সুযোগ তৈরি করলেও গোল করতে ব্যর্থ হয়। ফলে ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ভিডিও জার্নালিস্টরা।অত্যন্ত আকর্ষণীয় ও টানটান উত্তেজনার এই ম্যাচটি সফলভাবে পরিচালনা করেন রহমতগঞ্জ ইয়াং অ্যাসোসিয়েশনের সাবেক ফুটবলার মো: তিতাস। পুরো ম্যাচজুড়ে নিজের চিরচেনা ও বাকচাতুর্যপূর্ণ ধারাভাষ্য দিয়ে দর্শকদের মাতিয়ে রাখেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি দিলীপ গৌড়। এসময়ে উপস্থিত ছিলেন এলজিইডি সহকারী প্রকৌশলী মশিউর রহমান, সহ আরো অন্যন্যরা উপস্থিত ছিলেন। ব্যতিক্রমী ও আনন্দের এই ফুটবল ম্যাচটি উপভোগ করতে রহমতগঞ্জ সুতাকল মাঠে স্থানীয় হাজার হাজার ক্রীড়ামোদী মানুষের ঢল নামে। দর্শকদের করতালির মধ্য দিয়ে শেষ হয় সাংবাদিকদের এই মিলনমেলা। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্স-আপ দলের হাতে ট্রফি তুলে দেন।
দৈনিক বিজয় নিউজ/মোঃ হোসেন আলী ছোট্ট