সিরাজগঞ্জ পৌরসভার মধ্যে  ঘুরকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চরম জলাবদ্ধতা, ডেঙ্গুর ঝুঁকিতে শিক্ষার্থী ও এলাকাবাসী

সিরাজগঞ্জ পৌরসভার মধ্যে  ঘুরকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চরম জলাবদ্ধতা, ডেঙ্গুর ঝুঁকিতে শিক্ষার্থী ও এলাকাবাসী
ছবিঃ মোঃ হোসেন আলী ছোট্ট

দৈনিক বিজয় নিউজ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জ সদর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের একডালা দক্ষিণপাড়ায় অবস্থিত ঘুরকা সরকারি প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন ধরে চরম জলাবদ্ধতায় ভুগছে। বিদ্যালয়ের চারপাশে পানি জমে থাকায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত ও পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, জমে থাকা পানিতে ডেঙ্গুবাহী এডিস মশাসহ বিভিন্ন ধরনের মশার ব্যাপক বিস্তার ঘটছে। এতে কোমলমতি শিক্ষার্থীরা ডেঙ্গুসহ নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। শুধু শিক্ষার্থীরাই নয়, বিদ্যালয়ের আশপাশে বসবাসকারী এলাকাবাসীও ডেঙ্গুসহ বিভিন্ন রোগের আশঙ্কায় চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। অস্বাস্থ্যকর পরিবেশের কারণে শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে শ্রেণিকক্ষে পাঠ গ্রহণ করতে পারছে না এবং অভিভাবকদের উদ্বেগও দিন দিন বাড়ছে। এলাকাবাসীর পক্ষ থেকে দ্রুত জলাবদ্ধতা নিরসন, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ, নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা এবং বিদ্যালয়ের স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে। অন্যথায় শিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও জনস্বাস্থ্য আরও মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।এ বিষয়ে মোঃ পারভেজ হোসেন বলেন, "আমি একজন সচেতন নাগরিক হিসেবে এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সমস্যা জনসম্মুখে তুলে ধরতে চাই, যাতে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়। এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ছিলেন আমার বাবা, বীর মুক্তিযোদ্ধা মরহুম গাজী জুরান শেখ। তাঁর সঙ্গে এই বিদ্যালয়ের একটি আত্মিক সম্পর্ক রয়েছে। সেই দায়বদ্ধতা থেকেই শিক্ষার্থীদের নিরাপদ ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনছি।"

দৈনিক বিজয় নিউজ/মোঃ হোসেন আলী ছোট্ট