পরীক্ষা দিতে নৌকা-ভ্যানে যাত্রা: জলাবদ্ধ কুমিল্লার রাস্তায় শিক্ষার্থী ও অভিভাবকদের
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
প্রবল বর্ষণ ও জলাবদ্ধতায় আজ সোমবার (১৩ জুলাই) বিপর্যস্ত কুমিল্লায় এইচএসসি পরীক্ষার্থীদের ছিল যেন এক যুদ্ধজয়ের গল্প। সকালের ভারী বৃষ্টিপাতে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের আঙিনা ও সামনের সড়ক হাঁটু থেকে কোমরসমান পানিতে তলিয়ে যায়। এমন পরিস্থিতিতে বই-খাতা বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে পানিতে নেমেছিলেন পরীক্ষার্থীরা। কারো কারো গন্তব্যে পৌঁছানোর একমাত্র ভরসা হয়ে দাঁড়ায় প্রশাসন ও সিটি করপোরেশনের দেওয়া প্লাস্টিকের নৌকা ও ভ্যান। দৈনিক বিজয়-এর সরেজমিন অনুসন্ধানে দেখা যায়, পরীক্ষার্থীদের এমন অবর্ণনীয় দুর্ভোগের খবর পেয়ে দ্রুত সাড়া দেয় কুমিল্লা জেলা প্রশাসন ও সিটি করপোরেশন। প্রশাসনের উদ্যোগেই নৌকা ও ভ্যানের ব্যবস্থা করা হয়। ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি তদারকি করেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কুমিল্লা আবহাওয়া অফিস জানায়, আজ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বর্ষণে নগরের অধিকাংশ নিচু এলাকা তলিয়ে গেছে। পানি নিষ্কাশনের পথ সংকুচিত হওয়া এবং নালা-খাল ভরাটের কারণে এই জলাবদ্ধতা এখন নগরবাসীর নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
ভুক্তভোগী পরীক্ষার্থী সাজিদ হোসেন দৈনিক বিজয়-কে জানান, "ভোর থেকেই অবিরাম বৃষ্টি। বাসা থেকে বের হয়ে যানবাহন না পাওয়ায় কোমরপানি মাড়িয়ে কেন্দ্রে আসতে হয়েছে। বইখাতা আর জীবন বাঁচানোর যে যুদ্ধ আজ করেছি, তা ভুলবার নয়।" কুমিল্লা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম জহিরুল আলম জানান, জলাবদ্ধতার কারণে নিচতলার সব কক্ষের পরীক্ষা বাতিল করে দোতলা ও উপরের কক্ষগুলোতে স্থানান্তর করা হয়েছে। পরীক্ষা গ্রহণে কোনো সমস্যা না হলেও পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছানো ছিল এক বড় চ্যালেঞ্জ। কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, “পরিস্থিতি বিবেচনায় আমরা পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা করেছি। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা কোনো ধরনের সময়গত সমস্যায় না পড়েন।” কুমিল্লা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন দৈনিক বিজয়-কে জানান, “আমরা শহরকে জলাবদ্ধতামুক্ত রাখতে নিরলস কাজ করছি। আজকের অস্বাভাবিক বৃষ্টিপাত আমাদের চেষ্টার চেয়েও তীব্র ছিল। পরীক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে নৌকা ও ভ্যানের ব্যবস্থা করা হয়েছে এবং পানি দ্রুত সরানোর কাজ চলমান রয়েছে।” উল্লেখ্য, এর আগে চলতি বছরের এপ্রিলে এসএসসি পরীক্ষার সময়ও একই কেন্দ্রে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। বারবার এমন পরিস্থিতির পুনরাবৃত্তিতে সাধারণ মানুষ ও পরীক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
দৈনিক বিজয় নিউজ/ সুমন আহমেদ