অনলাইন জুয়া ও অর্থপাচার চক্রের ৬ সদস্য গ্রেপ্তার: নেপথ্যে চীনা নাগরিকের নিয়ন্ত্রণ
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
রাজধানীর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ একটি বিশেষ অভিযান চালিয়ে অনলাইন জুয়া পরিচালনাকারী সংঘবদ্ধ চক্রের ৬ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে। গাজীপুর ও কুমিল্লায় পৃথক অভিযান চালিয়ে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী এই সাফল্য অর্জন করে। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অবৈধ জুয়া পরিচালনার পাশাপাশি এই চক্রটি বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করে আসছিল বলে জানিয়েছেন ডিবি কর্মকর্তারা।
অভিযানের প্রেক্ষাপট:
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথমে গাজীপুরের টঙ্গীর একটি রিসোর্টে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলা ডিবির সহায়তায় কুমিল্লা নগরীর অভিজাত ‘এলিট প্যালেস’ হোটেলে অভিযান চালিয়ে আরও তিনজনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন:
আরিফুল ইসলাম রিফাত (২৩), মো. আরমান হোসেন জিহাদ (২৩), মাসুদ হোসেন (২২), আব্দুল রাব্বী (২৩), কৌশিক আহমেদ শুভ (২৩) এবং মশিউর রহমান তারেক (২০)।
জব্দকৃত আলামত:
অভিযান পরিচালনাকারী দল গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৬ হাজার ৬০০টি এমএফএস (বিকাশ/নগদ) অ্যাকাউন্ট সম্বলিত সিমকার্ড, বিভিন্ন অপারেটরের ৬৭টি সিম, একটি ল্যাপটপ, ৭০টিরও বেশি মোবাইল ডিভাইস এবং একটি মাইক্রোবাস জব্দ করেছে।
জুয়া ও অর্থপাচারের অভিনব পদ্ধতি:
তদন্তে জানা গেছে, চক্রটি বিভিন্ন অনলাইন জুয়ার ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ ব্যবহার করে অবৈধ লেনদেন পরিচালনা করত। লেনদেনের জন্য পে-কাশমা, গো-পে, লাকি-পে, এলকিউ-পে এবং কুল-পে-এর মতো বিভিন্ন পেমেন্ট গেটওয়ে ব্যবহৃত হতো, যার বেশিরভাগই চীনা নাগরিকদের নিয়ন্ত্রণে রয়েছে। এমএফএস অ্যাকাউন্টে জমা হওয়া টাকা ব্যক্তিগত অ্যাকাউন্টে স্থানান্তর করে বাইন্যান্স, বাইবিট ও বিটগেটের মাধ্যমে ইউএসডিটিতে রূপান্তর করে বিদেশে পাচার করা হতো।
বিলাসবহুল জীবন ও নেপথ্যের কারিগর:
চক্রটির অন্যতম সদস্য আরিফুল ইসলামের বিরুদ্ধে ইতোমধ্যেই চারটি মামলা রয়েছে। অবৈধ অর্থে তিনি অত্যন্ত বিলাসবহুল জীবনযাপন করতেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে নিয়মিত হোটেল পরিবর্তন করতেন। গ্রেপ্তারের সময় তিনি যে হোটেলে ছিলেন, সেখানে তিনটি কক্ষ ভাড়া নিয়েছিলেন যার একটির দৈনিক ভাড়াই ছিল ৫০ হাজার টাকা। এছাড়া, ডিবি জানায়, প্রাথমিক তদন্তে এই চক্রের মূল নিয়ন্ত্রক হিসেবে 'নাতান' নামে এক চীনা নাগরিকের নাম পাওয়া গেছে।
দৈনিক বিজয় নিউজ/ সুমন আহমেদ