বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস
দৈনিক বিজয় নিউজ বানারীপাড়া প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় গভীর শ্রদ্ধা, ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই শহীদ দিবস। দিবসটি উপলক্ষে বুধবার (১৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের স্মরণে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়েজিদুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা নিলুফার ইয়াসমিন রজনী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথি দেউরি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খান মোঃ মনিরুজ্জামান, পুলিশ কর্মকর্তা এসআই কবির হোসেন, উপজেলা জামায়েত ইসলামীর সেক্রেটারি মোকাম্মেল হোসেন মোজাম্মেল,উপজেলা ছাত্র প্রতিনিধি মোঃ সাব্বির হোসেন, বাইশারী ইউনিয়ন জামায়াতের সভাপতি আতিকুল ইসলাম,আনসার ও ভিডিপির কর্মকর্তাবৃন্দ, জুলাই শহীদ পরিবারের সদস্য এবং জুলাই আন্দোলনে আহত যোদ্ধারা।
আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তাঁদের ত্যাগ, সাহস ও দেশপ্রেমের কথা স্মরণ করে বক্তারা বলেন, শহীদদের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার চিরন্তন উৎস। জুলাইয়ের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। অনুষ্ঠানজুড়ে শহীদদের স্মরণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত সবাই তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের প্রতি গভীর সম্মান ও সহমর্মিতা প্রকাশ করেন।
দৈনিক বিজয় নিউজ/ মো: নুরুজ্জামান