আলমডাঙ্গার কেশবপুর চরে ফের মাথাচাড়া চেংঙ্গিস গ্রুপ: সংঘর্ষ-শঙ্কায় থমথমে এলাকা
দৈনিক বিজয় নিউজ আলমডাঙ্গা উপজেলা প্রতিনিধিঃ
সমঝোতার রেশ কাটতে না কাটতেই আবারও উত্তপ্ত হয়ে উঠেছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদী গ্রামের কেশবপুর চর। দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে ফের সক্রিয় হয়ে ওঠে চেংঙ্গিস গ্রুপ। তাদের অবস্থানকে ঘিরে চরের মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। শেষ পর্যন্ত পুলিশের দ্রুত হস্তক্ষেপে সম্ভাব্য সংঘর্ষ এড়ানো যায়। (বৃহস্পতিবার) সকাল ১০টার দিকে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
স্থানীয়দের ভাষ্য , সকালে চেংঙ্গিস গ্রুপের তৎপরতার খবর ছড়িয়ে পড়লে শতাধিক নারী-পুরুষ চরের মাঠে জড়ো হন। কয়েকজন নারীকে লাঠিসোঁটা হাতে দেখা যায়। মুহূর্তেই পুরো এলাকা থমথমে হয়ে ওঠে। পরিস্থিতি ক্রমেই সংঘর্ষের দিকে গড়ালেও পুলিশের উপস্থিতিতে তা নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্র জানায় , কয়েক দিন আগে পুলিশ , প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতাদের উদ্যোগে বিরোধ মীমাংসার চেষ্টা করা হয়েছিল। সমঝোতার পর উভয় পক্ষ মিষ্টিমুখও করে। তবে সেই সমঝোতা টেকেনি। নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ায় এলাকায় আবারও অস্থিরতা দেখা দেয়।
খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ও ওসমানপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশের উপস্থিতি বাড়তেই উত্তেজিত লোকজন সরে যায়। ফলে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল বলেন , খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কেউ আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক বিজয় নিউজ/ রানা আহমেদ