রাজাবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ সেলীম রেজার বরখাস্তের প্রতিবাদে মানববন্ধন

রাজাবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ সেলীম রেজার বরখাস্তের প্রতিবাদে মানববন্ধন
ছবিঃ মোঃ রাজিব খাঁন

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. সেলীম রেজার সাময়িক বরখাস্তের প্রতিবাদে রাজাবাড়ী হাটে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) আয়োজিত এ কর্মসূচিতে কলেজের শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা অধ্যক্ষের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে দ্রুত স্বপদে পুনর্বহালের দাবি জানান। বক্তারা অভিযোগ করেন, যথাযথ তদন্ত ও ন্যায়সঙ্গত প্রক্রিয়া অনুসরণ না করে দীর্ঘদিন ধরে অধ্যক্ষ সেলীম রেজাকে সাময়িক বরখাস্ত রাখা হয়েছে। এর ফলে শুধু তিনি নন, কলেজের শিক্ষা কার্যক্রম ও সামগ্রিক পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তারা দাবি করেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পক্ষের বক্তব্যে বলা হয়, অধ্যক্ষ সেলীম রেজার সঙ্গে অন্যায় করা হয়েছে। তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা আইন ও বিধি অনুযায়ী নিষ্পত্তি করার এবং অভিযোগ প্রমাণিত না হলে দ্রুত স্বপদে পুনর্বহালের দাবি জানানো হয়। এ সময় বক্তারা বলেন, ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থে একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে অস্থিতিশীল করা উচিত নয়। শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও শিক্ষার স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত বিষয়টি পুনর্বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। মানববন্ধন শেষে আয়োজকরা অধ্যক্ষের সাময়িক বরখাস্তের আদেশ পুনর্বিবেচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

দৈনিক বিজয় নিউজ / মোঃ রাজিব খাঁন