কেশবপুরে জামায়াতের উদ্যোগে বুড়িহাটী যুবকদের মাঝে ফুটবল বিতরণ
দৈনিক বিজয় নিউজ কেশবপুর যশোর প্রতিনিধি:
কেশবপুর জামায়াতের উদ্যোগে বুড়িহাটী খেলাপ্রেমিক যুবকদের মাঝে ফুটবল বিতরণ, মাদকমুক্ত সমাজ গঠনের আহবান জানানো হয়েছে। যশোরের কেশবপুর উপজেলার ১১ নম্বর হাসানপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বুড়িহাটী এলাকায় কেশবপুরের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী-এর পক্ষ থেকে অন্যান্য ইউনিয়নের ধারাবাহিকতায় খেলাপ্রেমিক যুবকদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে। রোববার (১৯ জুলাই-২৬) যুবকদের মাঝে ফুটবল বিতরণকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ১১ নম্বর হাসানপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ইলিয়াসুর রহমান, জামায়াতের সভাপতি মাওলানা খবির উদ্দীন, ১ নম্বর ওয়ার্ডের সভাপতি আনিছুর রহমান, ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবু কালাম, হাফেজ শফিকুল ইসলাম, যুব বিভাগের সদস্য আবু রাসেলসহ স্থানীয় খেলোয়াড়, ক্রীড়াপ্রেমী যুবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত বক্তারা বলেন, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে পারলে তারা মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে। একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তাই যুবসমাজকে খেলাধুলামুখী করতে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত করা প্রয়োজন। খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন ক্রীড়াবান্ধব কার্যক্রম অব্যাহত থাকলে এলাকার তরুণদের মধ্যে শৃঙ্খলা, সৌহার্দ্য, ঐক্য ও সামাজিক সচেতনতা বৃদ্ধি পাবে। খেলাধুলার প্রসারের মাধ্যমে একটি সুস্থ ও সচেতন প্রজন্ম গড়ে তোলার এ উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ফুটবল পেয়ে এলাকার তরুণ খেলোয়াড়রা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং নিয়মিত খেলাধুলার মাধ্যমে নিজেদের গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
দৈনিক বিজয় নিউজ/ পরেশ দেবনাথ