কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আর নেই
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আজ সকাল ১০টায় এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, ভোর ৬টা ২২ মিনিটের দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর বিবরণ ও পারিবারিক পরিচয় পারিবারিক সূত্রে জানা যায়, কয়েকদিন আগে তিনি স্ট্রোক করেন। প্রথমে তাকে কুমিল্লার মডার্ন হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাঁকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে অস্ত্রোপচারের পর আজ ভোরে তিনি মারা যান।
মোহাম্মদ সাইফুল মালিকের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায়। তিনি বীর মুক্তিযোদ্ধা আবুল কালামের সন্তান। ১৯৮১ সালে জন্ম নেওয়া সাইফুল মালিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি ২০০৫ সালে প্রাণিবিদ্যায় স্নাতকোত্তর সম্পন্ন করেন। কর্মজীবন ২০১৬ সালে বাংলাদেশ পুলিশে ৩৪তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা হিসেবে যোগদান করেন মোহাম্মদ সাইফুল মালিক। কর্মজীবনে তিনি একজন সৎ, বিনয়ী, মৃদুভাষী ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে সহকর্মী এবং সাধারণ মানুষের কাছে অত্যন্ত সমাদৃত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক ছিলেন। শোক প্রকাশ মোহাম্মদ সাইফুল মালিকের অকাল মৃত্যুতে কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।
দৈনিক বিজয় নিউজ/ সুমন আহমেদ