কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় প্রবাসীর রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও ক্ষতিপূরণের দাবি পরিবারের

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় প্রবাসীর রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও ক্ষতিপূরণের দাবি পরিবারের
ছবিঃ সুমন আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

​সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামের মো. তোফায়েল আহমেদের (৩২) মরদেহ দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে দেশে ফিরেছে। গত সোমবার (২১ জুলাই) সকাল ১১টায় নাগাইশ গাউছিয়া জামে মসজিদ মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে প্রশ্ন তুলে নিরপেক্ষ তদন্ত এবং যথাযথ ক্ষতিপূরণের দাবি জানিয়েছে নিহতের পরিবার। ​নাগাইশ পীর সাহেবের বাড়ির মৃত বাসিন্দার সন্তান তোফায়েল দীর্ঘ প্রায় ৯ বছর প্রবাস জীবন কাটিয়েছিলেন। তিনি সৌদি আরবের বাহদাহ শহরে ‘আল জাহারাইন’ কোম্পানির অধীনে একটি হাসপাতালে কর্মরত ছিলেন। ​পরিবারের অভিযোগ ও অসঙ্গতি ​পরিবার সূত্রে জানা যায়, গত ১৩ জুলাই দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ডিউটিরত অবস্থায় সহকর্মীদের জন্য নাস্তা নিয়ে ফেরার পথে পেছন দিক থেকে একটি দ্রুতগতির গাড়ি তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর ভোর ৪টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

​তবে শুরু থেকেই এই মর্মান্তিক মৃত্যুকে ঘিরে নানা সন্দেহ ও অসঙ্গতির কথা জানিয়েছে পরিবার। নিহতের বড় ভাই মাসুদ রানা অভিযোগ করেন, ঘটনার প্রকৃত তথ্য গোপন করে মালিকপক্ষ একটি কাল্পনিক বা সাজানো রিপোর্ট তৈরি করেছে। ​মাসুদ রানা বলেন, “আমার ভাই ডিউটিরত অবস্থায় মারা যাওয়ার পরও মালিকপক্ষ নানা টালবাহানা ও মিথ্যা রিপোর্টের মাধ্যমে আসল ঘটনা আড়াল করার চেষ্টা করছে। মৃত্যুর সঠিক কারণ ধামাচাপা দিতেই অত্যন্ত তড়িঘড়ি করে মরদেহ দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এমনকি ভাইয়ের পাসপোর্ট বাদে অন্যান্য জরুরি কাগজপত্রও তারা নিজেদের কাছে আটকে রেখেছে। একজন প্রবাসীর আকস্মিক মৃত্যুর পর এমন অমানবিক আচরণ অত্যন্ত দুঃখজনক।”

​স্থানীয় পর্যায়ে শোক ও ক্ষোভ ​প্রবাসে রেমিট্যান্স যোদ্ধা এক যুবকের এমন রহস্যজনক মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোক। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে নাগাইশ গ্রামের বাতাস। জীবিকার তাগিদে বিদেশে গিয়ে এমন মর্মান্তিক পরিণতির শিকার হওয়ায় স্থানীয় লোকজনের মাঝেও তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ​প্রশাসনের হস্তক্ষেপ কামনা ​পরিবারের দাবি, তোফায়েলের মৃত্যুর সঠিক ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে যাতে আসল রহস্য উদঘাটিত হয়। পাশাপাশি সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জোরালো হস্তক্ষেপে নিহত প্রবাসীর বকেয়া বেতন-ভাতা, প্রয়োজনীয় আইনি ক্ষতিপূরণ ও অন্যান্য পাওনাদি দ্রুত পরিবারের কাছে বুঝিয়ে দেওয়ার জোর দাবি জানিয়েছেন তারা।

দৈনিক বিজয় নিউজ/ সুমন আহমেদ