শাহীন শিক্ষা পরিবার–চ্যানেল আই Spelling Star–2026’-এর কেন্দ্র ব্যবস্থাপনা ও পরিচালনা কর্মশালা অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
জাতীয় ইংরেজি বানান প্রতিযোগিতা ও টিভি রিয়েলিটি শো ‘শাহীন শিক্ষা পরিবার–চ্যানেল আই Spelling Star–2026’-এর প্রাথমিক বাছাই পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও শৃঙ্খলাপূর্ণভাবে পরিচালনার লক্ষ্যে সিরাজগঞ্জে কেন্দ্র ব্যবস্থাপনা ও পরিচালনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই ২০২৬) সকাল ১০ টায় পৌর শহরের ফজলুল হক রোডস্থ শাহীন শিক্ষা পরিবারের আয়োজনে অনুষ্ঠিত এই জাতীয় প্রতিযোগিতার সম্প্রচার সহযোগী চ্যানেল আই এবং মিডিয়া পার্টনার দৈনিক যুগান্তর। কর্মশালায় সিরাজগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কেন্দ্রপ্রধান এবং পরীক্ষা ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। আগামী ২১ আগস্ট ২০২৬ দেশব্যাপী অনুষ্ঠিতব্য প্রাথমিক বাছাই পরীক্ষার কেন্দ্র পরিচালনা, প্রযুক্তি ব্যবস্থাপনা, পরীক্ষার্থীদের করণীয়, পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং ফলাফল প্রকাশের পদ্ধতি সম্পর্কে অংশগ্রহণকারীদের বিস্তারিত হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়। বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলার প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাহাব উদ্দিন।
প্রধান রিসোর্স পারসন হিসেবে কর্মশালা পরিচালনা করেন শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান, এস ই এফ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট এবং শাহীন স্কুল ও শাহীন ইসলামিক স্কুলের প্রতিষ্ঠাতা মুহাম্মদ মাছুদুল আমীন শাহীন। মুহাম্মদ মাছুদুল আমীন শাহীন তাঁর বক্তব্যে বলেন, প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের ইংরেজি শব্দভাণ্ডার সমৃদ্ধ করা এবং নিয়মিত শুদ্ধ বানানচর্চার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। শিক্ষার্থীদের কাছে ইংরেজিকে ভীতিকর বা কঠিন বিষয় হিসেবে উপস্থাপন না করে আনন্দ, আগ্রহ ও আন্তরিকতার সঙ্গে গ্রহণযোগ্য করে তুলতে হবে।তিনি বলেন, মাতৃভাষার মতো স্বাভাবিকভাবে ইংরেজি শেখার আগ্রহ সৃষ্টি করা গেলে শিক্ষার্থীদের ভাষাজ্ঞান, আত্মবিশ্বাস, স্মৃতিশক্তি ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পাবে। ইংরেজি ভাষার প্রতি শিক্ষার্থীদের ভয় ও সংকোচ দূর করে তাদের মধ্যে আগ্রহ, ভালোবাসা ও নিয়মিত অনুশীলনের মানসিকতা গড়ে তোলাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। তিনি আরও বলেন, Spelling Star আয়োজনের উদ্দেশ্য শুধু বিজয়ী নির্বাচন বা পুরস্কার প্রদান নয়; বরং দেশের চতুর্থ ও পঞ্চম শ্রেণির সব স্তরের শিক্ষার্থীকে ইংরেজি ভাষা ও বানান দক্ষতা বিকাশের একটি জাতীয় মঞ্চ প্রদান করা।
নিয়মিত অনুশীলন, ডেমো টেস্ট ও প্রতিযোগিতামূলক অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসের সঙ্গে ভবিষ্যতের জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সক্ষমতা অর্জন করবে কর্মশালায় শিক্ষার্থীদের নিবন্ধন প্রক্রিয়া, অ্যাকাউন্টে প্রবেশ, ভিডিও টিউটোরিয়াল অনুসরণ, ডেমো টেস্টে অংশগ্রহণ এবং মূল পরীক্ষার প্রযুক্তিগত পদ্ধতি সম্পর্কে কেন্দ্র সংশ্লিষ্টদের বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়। নিবন্ধিত শিক্ষার্থী ও অভিভাবকদের পরীক্ষার সম্পূর্ণ প্রক্রিয়া বোঝাতে ইতোমধ্যে একটি ভিডিও টিউটোরিয়াল প্রকাশ করা হয়েছে।মূল পরীক্ষার আগে শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর পরীক্ষা পদ্ধতির সঙ্গে পরিচিত ও আত্মবিশ্বাসী করতে আগামী ৩১ জুলাই, ৭ আগস্ট ও ১৪ আগস্ট আরও তিনটি ডেমো টেস্ট অনুষ্ঠিত হবে। এসব ডেমো টেস্টের মাধ্যমে শিক্ষার্থীরা অ্যান্ড্রয়েড মোবাইলে লগইন, প্রবেশ কোড ব্যবহার, প্রশ্ন দেখা, উত্তর নির্বাচন, সময় ব্যবস্থাপনা এবং পরীক্ষা সাবমিট করার পুরো প্রক্রিয়া অনুশীলন করতে পারবে।পরীক্ষার দিন শিক্ষার্থী ও অভিভাবকেরা নির্ধারিত সময়ের আগে কেন্দ্রে উপস্থিত হবেন। শিক্ষার্থীদের পরীক্ষাকক্ষ অনুযায়ী মাঠে সারিবদ্ধভাবে দাঁড় করানো হবে। পরীক্ষা শুরু হওয়ার প্রায় ১৫ মিনিট আগে অভিভাবক পরীক্ষার জন্য ব্যবহৃত অ্যান্ড্রয়েড মোবাইলটি সন্তানের কাছে হস্তান্তর করবেন।
এরপর শিক্ষার্থীরা নির্দেশনা অনুসরণ করে নির্ধারিত কক্ষে প্রবেশ করে নিজ নিজ আসনে বসবে। প্রত্যেক পরীক্ষাকক্ষের জন্য আলাদা প্রবেশ কোড থাকবে। নির্ধারিত শিফটে পরীক্ষা শুরু হওয়ার সময় দায়িত্বপ্রাপ্ত শিক্ষক বোর্ডে কোডটি লিখে দেবেন। শিক্ষার্থী তার অ্যাকাউন্টে ওই কোড প্রদান করলে মোবাইলের পর্দায় প্রশ্নপত্র চালু হবে। প্রাথমিক বাছাই পরীক্ষার সময় হবে ৩০ মিনিট এবং মোট নম্বর থাকবে ৫০। প্রশ্নপত্রটি ১০টি সেকশন বা বিভাগে বিভক্ত থাকবে। প্রতিটি বিভাগে পাঁচটি করে প্রশ্ন থাকবে এবং প্রতিটি বিভাগের জন্য তিন মিনিট সময় বরাদ্দ থাকবে। কোনো শিক্ষার্থী নির্ধারিত সময় শেষ হওয়ার আগে একটি বিভাগ থেকে বের হয়ে গেলে পুনরায় সেই বিভাগে প্রবেশ করতে পারবে না। তিন মিনিট শেষ হলে বিভাগটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে পরবর্তী বিভাগ চালু হবে।পরীক্ষা শেষে উত্তরপত্র সাবমিট করার পর শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর, কেন্দ্রভিত্তিক ও জাতীয় মেধাক্রম শাহীন শিক্ষা পরিবারের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।এরপর বিভাগীয় রাউন্ড অনুষ্ঠিত হবে। বিভাগীয় রাউন্ডের সময়সূচি পরবর্তী সময়ে শাহীন শিক্ষা পরিবারের অফিসিয়াল ফেসবুক পেজ ও ওয়েবসাইটের পাশাপাশি চ্যানেল আই এবং দৈনিক যুগান্তরের ডিজিটাল প্ল্যাটফর্মে জানানো হবে।
বিভিন্ন পর্যায়ের প্রতিযোগিতা শেষে সারা দেশ থেকে মোট ১০০ শিক্ষার্থী চ্যানেল আইয়ের মূল মঞ্চের জন্য নির্বাচিত হবে। ধারাবাহিক টেলিভিশন পর্বে প্রতিযোগিতার মাধ্যমে তাদের মধ্য থেকে সেরা ১০ জন নির্বাচন করা হবে।প্রতিযোগিতায় প্রথম থেকে দশম স্থান অর্জনকারী প্রত্যেকে একটি করে ল্যাপটপ পাবে। প্রথম স্থান অর্জনকারীর জন্য থাকবে ৩ লক্ষ টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারীর জন্য ২ লক্ষ টাকা, তৃতীয় স্থান অর্জনকারীর জন্য ১ লক্ষ টাকা এবং চতুর্থ ও পঞ্চম স্থান অর্জনকারীর জন্য ৫০ হাজার টাকা করে নগদ পুরস্কার। এ ছাড়া বিভিন্ন পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় ক্রেস্ট ও সার্টিফিকেটের ব্যবস্থা রয়েছে।প্রধান অতিথি গণপতি রায় তাঁর বক্তব্যে বলেন, শাহীন শিক্ষা পরিবার প্রায় ১৫০টি ক্যাম্পাসের মাধ্যমে ৩৫ বছর ধরে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা দেশব্যাপী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় চারবার প্রথম স্থান অর্জনসহ জাতীয় হাতের লেখা প্রতিযোগিতা এবং বিভিন্ন শিক্ষা কার্যক্রমে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।তিনি বলেন, দীর্ঘদিনের অভিজ্ঞতা, পরিকল্পনা ও সাংগঠনিক সক্ষমতার কারণেই প্রতিষ্ঠানটি এ ধরনের বৃহৎ জাতীয় আয়োজন বাস্তবায়নের উদ্যোগ নিতে পেরেছে।
শাহীন শিক্ষা পরিবারের আয়োজনে এবং চ্যানেল আই ও দৈনিক যুগান্তরের সম্পৃক্ততায় এই প্রতিযোগিতা দেশের প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের প্রতিভা প্রকাশের একটি জাতীয় মঞ্চ তৈরি করবে।তিনি আরও আশা প্রকাশ করেন, এই আয়োজনের মাধ্যমে ইংরেজি ভাষার প্রতি শিক্ষার্থীদের ভয় ও সংকোচ দূর হবে এবং তাদের মধ্যে ইংরেজি শেখার আগ্রহ, আবেগ ও ভালোবাসা সৃষ্টি হবে।আগামী ২১ আগস্ট ২০২৬ দেশব্যাপী অনুষ্ঠিত হবে Spelling Star–2026-এর প্রাথমিক বাছাই পরীক্ষা। বাংলা মাধ্যমের সরকারি-বেসরকারি স্কুল, কিন্ডারগার্টেন ও মাদ্রাসার চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবে।সম্পূর্ণ বিনামূল্যের এ জাতীয় প্রতিযোগিতায় নিবন্ধন চলবে ১৪ আগস্ট ২০২৬ পর্যন্ত। আয়োজকদের প্রত্যাশা, দেশের প্রত্যন্ত অঞ্চলসহ সব জেলার শিক্ষার্থীরা এতে অংশ নিয়ে ইংরেজি বানান দক্ষতা, ভাষাজ্ঞান, শব্দভাণ্ডার ও আত্মবিশ্বাস বিকাশের সুযোগ পাবে।উল্লেখ্য, ‘শাহীন শিক্ষা পরিবার–চ্যানেল আই Spelling Star–2026’-এর টেলিভিশন পর্ব সম্প্রচার করবে চ্যানেল আই এবং প্রতিযোগিতাটির মিডিয়া পার্টনার দৈনিক যুগান্তর।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ হোসেন আলী ছোট্ট