রাজশাহীতে রাজনৈতিক কমিটিতে ৩৩% নারী প্রতিনিধিত্বের দাবিতে অ্যাডভোকেসি সভা
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
রাজনৈতিক দলের বিভিন্ন স্তরের কমিটিতে নারীদের ন্যূনতম ৩৩ শতাংশ প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে রাজশাহীতে একটি অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৩টায় নগরীর এস কে ফুড কনফারেন্স রুমে "আন্তঃপ্রজন্মভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক নারী আন্দোলন শক্তিশালী করি" প্রকল্পের আওতায় আন্তঃপ্রজন্মভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক নারী আন্দোলন কোয়ালিশন টিম, রাজশাহীর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। বাংলাদেশ মহিলা পরিষদের রাজশাহী জেলা সভাপতি কল্পনা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রবি। এছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী কোয়ালিশন টিমের লিড অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শামসুন্নাহার, প্রকল্প লিড সাগুফে হোসেন, প্রকল্প কো-অর্ডিনেটর মেহনাজ রহমান, সমাজকর্মী আফজান হোসেন, ফয়জুল্লাহ চৌধুরী এবং জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়ারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা।
সভায় বক্তারা বলেন, টেকসই গণতন্ত্র, জবাবদিহিমূলক রাজনীতি এবং অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক দলের সিদ্ধান্ত গ্রহণের প্রতিটি স্তরে নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা অপরিহার্য। দেশের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী হলেও রাজনৈতিক দলের নীতিনির্ধারণী পর্যায়ে তাঁদের প্রতিনিধিত্ব এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। বক্তারা আরও বলেন, অনেক নারী তৃণমূল পর্যায়ে সক্রিয়ভাবে রাজনীতিতে সম্পৃক্ত থাকলেও সিদ্ধান্ত গ্রহণের গুরুত্বপূর্ণ পর্যায়ে তাঁদের অংশগ্রহণ সীমিত। এ বাস্তবতা পরিবর্তনে রাজনৈতিক দলগুলোর গঠনতন্ত্র অনুযায়ী ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। তারা বলেন, নারীর রাজনৈতিক ক্ষমতায়ন শুধু সংখ্যাগত প্রতিনিধিত্বের বিষয় নয়; এটি সমতা, ন্যায়বিচার ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা সুদৃঢ় করার অন্যতম শর্ত। তরুণ ও প্রবীণ নারী নেতৃত্বের সমন্বয়ে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং নাগরিক সমাজকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। সভা শেষে রাজনৈতিক দলের সব পর্যায়ের কমিটিতে নারীর ন্যূনতম ৩৩ শতাংশ অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল মহলের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
দৈনিক বিজয় নিউজ / মোঃ রাজিব খাঁন