কুমিল্লা বুড়িচং: শতবর্ষী স্কুল মাঠে রাস্তা নির্মাণ নিয়ে এমপিকে জড়িয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কুমিল্লা বুড়িচং: শতবর্ষী স্কুল মাঠে রাস্তা নির্মাণ নিয়ে এমপিকে জড়িয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ছবিঃ সুমন আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

কুমিল্লার বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ ও কালীনারায়ণ বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়ক নির্মাণ নিয়ে কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী মো. জসিম উদ্দিনকে জড়িয়ে প্রকাশিত সংবাদ ও অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ​বুধবার (২৯ জুলাই) বিকেলে বুড়িচং প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন। ​সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, সংশ্লিষ্ট আরসিসি সড়কটি কোনো ব্যক্তি বা জনপ্রতিনিধির ব্যক্তিগত সুবিধার জন্য নয়; বরং শিক্ষার্থী ও এলাকাবাসীর নিরাপদ চলাচল নিশ্চিত করতেই নির্মাণ করা হয়েছে। তারা বলেন, দৈনিক আমার দেশ-এ প্রকাশিত ‘এমপির বাড়িতে যাতায়াতে শতবর্ষী স্কুলের মাঠে রাস্তা নির্মাণ’ শিরোনামের সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তাদের দাবি, ওই এলাকায় সংসদ সদস্য হাজী মো. জসিম উদ্দিনের কোনো ব্যক্তিগত বাড়ি নেই। ​বক্তারা আরও উল্লেখ করেন, ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং স্থানীয় সাধারণ মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ লাঘব করতেই এই উন্নয়নমূলক কাজটি করা হয়েছে। একটি কুচক্রী মহল রাজনৈতিক ফায়দা হাসিল এবং সংসদ সদস্যের সুনাম ক্ষুণ্ন করতেই এই ধরনের ভিত্তিহীন সংবাদ পরিবেশন করাচ্ছে। সংবাদ সম্মেলনে দৈনিক আমার দেশ-এ প্রকাশিত সংবাদের অবিলম্বে উপযুক্ত সংশোধনী প্রকাশের দাবি জানানো হয় এবং ভবিষ্যতে তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।

​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টিপু, উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউসার সবুজ, সদস্য সচিব দেলোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নজরুল ইসলাম ভূঁইয়া, সদস্য সচিব আব্দুল আলিম, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মো. কবির হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সবুজ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন ভূঁইয়া, জামাল হোসেন ও মো. মনির হোসেন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নাজির মাহমুদ নাসির, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক স্বপন আহমেদ পাখিসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

দৈনিক বিজয় নিউজ/ সুমন আহমেদ