নওগাঁর বদলগাছিতে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে, স্কুলে অগ্নিসংযোগ
দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছীতে ১২ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠেছে একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক শফিউল হাসান দিপুর বিরুদ্ধে। অভিযোগটি প্রকাশ্যে আসার পর মঙ্গলবার (৪ আগস্ট) সকালে উত্তেজিত স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও শিক্ষার্থীরা বিদ্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। ঘটনাটি উপজেলার কোলা ইউনিয়নের ভান্ডারপুর এলাকার আলফা কিন্ডারগার্টেনে। স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পরিবারের ভাষ্য অনুযায়ী, সোমবার (৩ আগস্ট) সকালে বৃষ্টির কারণে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম। সকাল সাড়ে ৭টার দিকে পঞ্চম শ্রেণির ওই শিক্ষার্থী বিদ্যালয়ে গেলে তাকে একা পেয়ে প্রধান শিক্ষক শফিউল হাসান দিপু ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে শিক্ষার্থী কোনোভাবে সেখান থেকে বের হয়ে বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়।
এ ঘটনা জানাজানি হলে মঙ্গলবার সকালে বিদ্যালয়ের সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে কয়েকজন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থী বিদ্যালয়ে ঢুকে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেন। সকাল সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিস আগুন নেভাতে গেলে প্রথমে বাধার মুখে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে ফায়ার সার্ভিস আগুন নেভানোর কাজ শুরু করে। অন্যদিকে, ঘটনার প্রতিবাদে ভান্ডারপুর চারমাথা এলাকায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ছনি এবং বদলগাছী থানার ওসি রুহুল আমিন ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন।
প্রশাসনের পক্ষ থেকে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে বিক্ষোভকারীরা কর্মসূচি প্রত্যাহার করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ছনি বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযুক্তকে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানটির বিরুদ্ধেও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কোলা ইউনিয়নের কাজির দায়িত্ব থেকে অভিযুক্তকে অব্যাহতির জন্যও সুপারিশ করা হবে। তিনি সবাইকে শান্ত থেকে আইনের প্রতি আস্থা রাখার আহ্বান জানান। বদলগাছী থানার ওসি রুহুল আমিন বলেন, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগীর পরিবারকে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি কাউকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান তিনি।
ভান্ডারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হয়ে শ্রেণিকক্ষে পাঠদানে অংশ নেওয়ার আহ্বান জানান।
কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীনুর ইসলাম স্বপন বলেন, ঘটনার বিচার আইন অনুযায়ী হওয়া উচিত। তিনি এলাকাবাসীকে শান্ত থাকার পাশাপাশি সড়কে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি না করার আহ্বান জানান। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত শফিউল হাসান দিপু (৫০) কোলা ইউনিয়নের পার আধাইপুর গ্রামের বাসিন্দা। তিনি আলফা কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক এবং কোলা ইউনিয়নের কাজি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা জামায়াতের আমীর বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অভিযোগের বিষয়ে শফিউল হাসান দিপুর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ রমজান হোসেন