পেশাগত ব্যস্ততা ভুলে মেতে উঠলেন সাংবাদিকরা: নারায়ণগঞ্জে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আনন্দ ভ্রমণ সম্পন্ন
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
পেশাগত ব্যস্ততা ভুলে মেতে উঠলেন সাংবাদিকরা: নারায়ণগঞ্জে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আনন্দ ভ্রমণ সম্পন্ন ‘একসঙ্গে পথচলা, একসঙ্গে ভালো থাকা’ প্রতিপাদ্যকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বার্ষিক পুনর্মিলনী ও আনন্দ ভ্রমণ-২০২৬ উদযাপিত হয়েছে। রোববার (৯ আগস্ট) বন্দরের বালুরচরস্থ আনন্দ রিভারভিউ পার্ক অ্যান্ড রিসোর্টে দিনব্যাপী (সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা) এ অনুষ্ঠান আয়োজন করা হয়। পেশাগত জীবনের দৈনন্দিন কর্মব্যস্ততা কাটিয়ে উঠে আড্ডা, ক্রীড়া প্রতিযোগিতা ও নানা মনোজ্ঞ আয়োজনে মেতে ওঠেন জেলায় কর্মরত টেলিভিশন সাংবাদিকরা। ২০২১ সালে প্রতিষ্ঠিত ৩৭ সদস্যের এই সংগঠনের এ মিলনমেলায় অন্যান্য গণমাধ্যমের প্রতিনিধিরাও সংহতি জানান। সংগঠনের সভাপতি আনিসুর রহমান জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শওকত আলী সৈকতের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। তিনি বক্তব্যে তথ্য যাচাই-বাছাইপূর্বক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রতি জোর দেন এবং সাংবাদিকতার মর্যাদা রক্ষায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশাসহ অনুষ্ঠানে জেলার বিভিন্ন সাংবাদিক নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। বক্তব্যকালে বক্তারা এ উদ্যোগকে সাংবাদিকদের মানসিক প্রশান্তি ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির দারুণ উপায় হিসেবে উল্লেখ করেন। দিনভর হাসি-আনন্দ ও আড্ডার মধ্য দিয়ে উদযাপিত এ আয়োজন সাংবাদিকদের পেশাগত মেলবন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
দৈনিক বিজয় নিউজ/ মহসিন