চাঁদপুরের কচুয়ায় সিটি হাসপাতালে অভিযান: ৪ পিস ইয়াবাসহ ডা. সৈয়দ আসিফ ইস্পাহানী গ্রেপ্তার
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
চাঁদপুরের কচুয়া উপজেলার একটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়ে ৪ পিস ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামসহ ডা. সৈয়দ আসিফ ইস্পাহানী নামের এক চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কচুয়ার বেসরকারি সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এই অভিযান পরিচালনা করা হয়। অনুসন্ধানে জানা যায়, চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমানের নেতৃত্বে একটি দল ওই ডায়াগনস্টিক সেন্টার ও সংশ্লিষ্ট চিকিৎসকের কক্ষে তল্লাশি চালায়। এ সময় তার রুম ও তিন তলার আবাসিক কক্ষ থেকে ৪ পিস ইয়াবা, নেশাজাতীয় ইনজেকশন এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযান শেষে তাকে আটক করে কচুয়া থানায় নিয়ে যাওয়া হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান জানান, ওই চিকিৎসক দীর্ঘদিন ধরে মাদকের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং নিয়মিত নিজের কক্ষে বসে মাদক সেবন করতেন বলে তথ্য ছিল। সাধারণ মানুষ যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয় এবং চিকিৎসকদের এমন কর্মকাণ্ড রোধ করা যায়, সেজন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। এ ঘটনায় গ্রেপ্তারকৃত চিকিৎসকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আইনি প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
দৈনিক বিজয় নিউজ/ সুমন আহমেদ