নাইক্ষ্যংছড়িতে ইজিবাইকসহ ৩০ হাজার ১০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার
দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইজিবাইকসহ ৩০ হাজার ১০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ইয়াবা বহনকারী ও ইজিবাইক চালক বিজিবির উপস্থিতি টের পেয়ে ইজিবাইক ও ইয়াবা ফেলে পালিয়ে যায়। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল আনুমানিক ১১টা ১৫ মিনিটে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন সদর (১১ বিজিবি) থেকে প্রায় ৫০০ গজ দূরে আম্মাজান কমিউনিটি সেন্টার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন সদর (১১ বিজিবি) থেকে একটি বিশেষ আভিযানিক দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবি সদস্যরা একটি ব্যাটারিচালিত ইজিবাইককে ধাওয়া করলে ইজিবাইক চালক ও ইয়াবা বহনকারী ব্যক্তি ইজিবাইকটি এবং তাদের কাছে থাকা ইয়াবা ফেলে পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবির বিশেষ আভিযানিক দল ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ইজিবাইকটি তল্লাশি করে তিনটি কার্টনে থাকা মোট ৩০ হাজার ১০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করে। নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ফয়জুল কবির বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে বিজিবি কাজ করছে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি ও তৎপরতা অব্যাহত রাখা হয়েছে। তিনি আরও বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি