কুমিল্লার মুরাদনগরে কথা-কাটাকাটির জেরে গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক

কুমিল্লার মুরাদনগরে কথা-কাটাকাটির জেরে গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক
ছবিঃ সুমন আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগরে পারিবারিক কলহের জেরে আর্জুনা বেগম (৩৫) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী জামাল শিকদারের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী জামাল শিকদার পলাতক রয়েছেন।  সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আর্জুনা বেগম ও অভিযুক্ত জামাল শিকদারের বাড়ি পার্শ্ববর্তী দেবীদ্বার উপজেলার রাজামেহের এলাকায় হলেও তারা প্রায় ১০ বছর আগে পাহাড়পুর গ্রামে এসে বসতি গড়ে তোলেন। বর্তমানে জামাল শিকদার পাহাড়পুর এলাকার বিসমিল্লাহ ফিশারি প্রজেক্টে কর্মরত ছিলেন। তাদের সংসারে ১৪ বছর বয়সী একটি মেয়ে ও ১০ বছর বয়সী একটি ছেলে রয়েছে। ​স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২টার দিকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ১০ বছর বয়সী ছোট ছেলে ইয়াসিনের চোখের সামনেই ‘দা’ দিয়ে এলোপাতাড়ি আঘাত করে আর্জুনা বেগমকে হত্যা করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নৃশংস এ ঘটনার পরপরই অভিযুক্ত জামাল শিকদার পালিয়ে যান। ​পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুস ছামাদ মাঝি জানান, খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজার কাছে নিহতের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। মায়ের ওপর হামলার সময় নিহতের ছেলে ইয়াসিন ঘটনাস্থলেই উপস্থিত ছিল। ​এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী জামাল শিকদার পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

দৈনিক বিজয় নিউজ/ ​সুমন আহমেদ