কুমিল্লা, ব্রাহ্মণপাড়া: প্রবাসফেরত হানিফের শেষ গোসল, পুকুরে ডুবে মর্মান্তিক মৃত্যু

কুমিল্লা, ব্রাহ্মণপাড়া: প্রবাসফেরত হানিফের শেষ গোসল, পুকুরে ডুবে মর্মান্তিক মৃত্যু
ছবিঃ সুমন আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধি:

​কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মো. হানিফ মিয়া (৫৫) নামের এক প্রবাসফেরত ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার চান্দলা ইউনিয়নের দক্ষিণ চান্দলা মিয়া বাড়িতে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। ​নিহত হানিফ মিয়া ওই এলাকার বাচ্চু মিয়ার ছেলে এবং পাঁচ বোনের একমাত্র ভাই ছিলেন। ​ঘটনার বিবরণ ​স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন প্রবাসে থাকার পর শারীরিক অসুস্থতার কারণে প্রায় ১৩ বছর আগে দেশে ফেরেন হানিফ মিয়া। দেশে ফেরার পর থেকেই তিনি অসুস্থ ছিলেন এবং স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারতেন না; খুব ধীরে হাঁটতেন। তবে শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও তিনি প্রতিদিনের মতো ওই দিন দুপুরেও বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান। ​গোসলের একপর্যায়ে প্রতিবেশীরা তাঁকে পুকুরের পানিতে হাবুডুবু খেতে দেখেন। দ্রুত তাঁকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। ​শোকের মাতম পরিবারে ​পাঁচ বোনের একমাত্র ভাইকে হারিয়ে শোকে স্তব্ধ পরিবার। নিহতের বোন জোহরা বেগম কান্নাজড়িত কণ্ঠে জানান, হানিফ তাঁদের খুব আদরের ছিলেন। নিয়মিত নিয়মেই তিনি পুকুরে গোসল করতে যেতেন, কিন্তু আজকের এই গোসল যে তাঁর জীবনের শেষ গোসল হবে, তা কেউ কল্পনাও করতে পারেননি। ​ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তানভীর হোসেন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছিল। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ ​সুমন আহমেদ